২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার এখন ভালো আছে: অর্থমন্ত্রী

গত এক বছরে অনেক ‘হইচই’ হলেও দেশের পুঁজিবাজার এখন ‘ভালো অবস্থানে’ আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 09:10 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত এক বছরে অনেক হইচই হলেও দেশের পুঁজিবাজার এখন ‘ভালো অবস্থানে’ আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, “গত এক বছর শেয়ার বাজারে বেশ হইচই হয়েছে। এখন তা ভালো অবস্থানে পৌঁছেছে। সরকারি দুটি প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও আইসিবি বাজার স্থিতিশীল রাখতে যথেষ্ট সহায়তা করেছে।” অর্থমন্ত্রী বলেন, “পুঁজিবাজার স্থিতিশীল করতে ডিমিউচুয়ালাইজেশনসহ বেশ কিছু সংস্কারমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কর্মসূচি পুরোপুরি বাস্তবায়িত হলে বাজার সঠিক পথে আসবে।” টানা দরপতনে গত ৬ ফেব্র“য়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৩ হাজার ৬১৬ পয়েন্টে নামে। এরপর থেকে সূচক ধাপে ধাপে বাড়ছে। বুধবার ডিএসই সাধারণ সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়ায়। বাংলাদেশের পুঁজিবাজারে ওঠানামা বেশি হয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “আমাদের বিনিয়োগকারীরা অপরিপক্ক। তারা অনেক সময় না বুঝেই বাজারে বিনিয়োগ করে। বুঝেসুজে বিনিয়োগ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে।” “এক বছরে বাজারে যে অস্থিরতা ছিলো তা নিয়ে সরকার বেশি চিন্তিত ছিল না, কারণ শেয়ার বাজারে ওঠানামা থাকবেই। বাজার স্থিতিশীল করতে ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে বিশেষ স্কিমসহ নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি বাজার ঠিক হয়ে যাবে”, যোগ করেন তিনি। আইসিবির পক্ষ থেকে ২০১০-১১ অর্থবছরের লভ্যাংশ ১০ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান। এসময় আইসিবির এমডি মো. ফায়েকুজ্জামান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীসহ আইসিবি ও অর্থ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কিউএইচ/এসইউ/১৫০৬ ঘ.