ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা চার দিন সাধারণ সূচকে ঊর্ধ্বগতির পর সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে সূচক কমেছে। তবে গত চার মাসের মধ্যে লেনদেন হয়েছে সর্বোচ্চ।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর প্রথম দেড় ঘণ্টায় সূচক বাড়ে। এর পর ধাপে ধাপে সূচক কমে ৫ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৯০ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৯৩৪ কোটি টাকার শেয়ার যা গত দিনের চেয়ে প্রায় ১১৩ কোটি টাকা বেশি।
চার মাসের মধ্যেও এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে এর চেয়ে বেশি এক হাজার ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল গত বছরের ২৩ নভেম্বর।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়ায়। সূচকে যোগ হয় ৯৯ দশমিক ৭৯ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৮২১ কোটি টাকার শেয়ার।
সব মিলিয়ে এ সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ২৩১ পয়েন্ট।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বাড়ে ২১৫ পয়েন্ট বা ৪ দশমিক ৭৫ শতাংশ। এর আগের সপ্তাহে সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২১ ঘ.
bdnews24