২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেনের সঙ্গে সূচকও বেড়েছে

সপ্তাহের প্রথম দিন দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয়েছে ১০৪ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 05:49 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়ার পর এ সপ্তাহের প্রথম দিনও লেনদেন শেষে সূচক বেড়েছে। আড়াই মাসের মধ্যে লেনদেন হয়েছে সর্বোচ্চ। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুর পর থেকেই সাধারণ সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১০৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৩ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২২৭টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৬৯১ কোটি টাকার শেয়ার যা গত দিনের চেয়ে প্রায় ২৪৯ কোটি টাকা বেশি। গত আড়াই মাসের মধ্যেও এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে ৪ জানুয়ারি ৮০৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৫৯ পয়েন্ট। এদিন হাতবদল হয় ৪৪২ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বাড়ে ২১৫ পয়েন্ট বা ৪ দশমিক ৭৫ শতাংশ। গড়ে প্রতিদিন লেনদেন হয় ৪৭৬ কোটি টাকা যা এর আগের সপ্তাহের দৈনিক গড় লেনদেনের চেয়ে ৮৬ শতাংশ বেশি। এর আগের সপ্তাহে সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১১ ঘ.