রিয়াজুল বাশার
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শীর্ষ পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন রকিবুর রহমান।
বৃহস্পতিবার রাতে রাজধানীর রিজেন্সি হোটেলে ডিএসইয়ের নির্বাচিত পরিচালকরা শাকিল রিজভীর উত্তরসূরি হিসেবে রকিবুরকে সভাপতি নির্বাচিত করেন।
মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর ২০০৯ সালের মার্চ থেকে ২০১০ সালের মার্চ পর্যন্ত ডিএসই সভাপতি ছিলেন। এর আগে ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত টানা তিন বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।
২০০১ সাল থেকে ডিএসইর ‘চেয়ারম্যান’ পদটি পরিবর্তন করে ‘সভাপতি’ করা হয়।
ডিএসইয়ের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা সাংবাদিকদের জানান।
সভাপতির পাশাপাশি আহমেদ রশিদ লালীকে জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং মোহাম্মদ শাহজাহানকে সহ-সভাপতি নির্বাচিত করেছে ডিএসই পরিচালকরা।
পরিচালক নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, “এখন আমার বড় কাজ হবে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। সবাই মিলে বাজার ভালো করার চেষ্টা করব আমরা।”
“সরকার পুঁজিবাজারের জন্য যে প্রণোদনা দিয়েছে তার বাস্তবায়ন হতেই হবে।”
“সম্মিলিতভাবে উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ এবং পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের বিষয়ে এসইসি যে নির্দেশনা জারি করেছে সে বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না।”
এছাড়া বাজারের সার্বিক উন্নতির স্বার্থে প্রণোদনা প্যাকেজের অন্যান্য বিষয় বাস্তবায়নের জন্য সরকার ও এসইসির প্রতি আহ্বান জানান তিনি।
আহমেদ রশিদ লালী বলেন, “একটি স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
পুঁজিবাজার ধস তদন্তে গত বছর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত কমিটি তার প্রতিবেদনে রকিবুর রহমান সম্পর্কে ‘সতর্ক’ থাকতে পরামর্শ দিয়েছিল নিয়ন্ত্রণ সংস্থাকে।
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রকিবুর বৃহস্পতিবার বলেন, “আমি প্রমাণ করব- আমার বিষয়ে কারো সতর্ক থাকার কোনো কারণ নেই।”
ডিএসইয়ের নির্বাচিত পরিচালকের সংখ্যা ১২ জন। এর মধ্যে চারটি পদ প্রতি বছর শূন্য হওয়ার এই চার পদে সরাসরি ভোট হয়। এই চার পরিচালক তিন বছরের জন্য নির্বাচিত হন।
গত ১১ মার্চ পরিচালক নির্বাচনে নির্বাচিতরা হলেন মো. হানিফ ভুঁইয়া, আব্দুল হক, মো. শাহজাহান ও মিনহাজ মান্নান ইমন।
আগেই নির্বাচিত হয়ে বোর্ডে রয়েছেন আহসানুল ইসলাম টিটো, রকিবুর রহমান, আহমেদ ইকবাল হাসান, আহমেদ রশিদ লালী, খাজা গোলাম রসুল, শরিফ আতাউর রহমান, আজিজুর রহমান ও মিজানুর রহমান খান।
বর্তমান বোর্ড থেকে সভাপতি শাকিল রিজভী ও পরিচালক মো. রফিকুল ইসলাম বিদায় নিলেন।
ডিএসইতে মনোনীত পরিচালকের সংখ্যা ১২ জন। এরা হলেন- ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি সালমান এফ রহমান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনে সাবেক সভাপতি এ কে এম রফিকুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আবদুল হাফিজ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জি, ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্সি অব বাংলাদেশের সভাপতি মো. সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হাশেম, ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের সভাপতি আসিফ ইব্রাহিম, সেনাবাহিনীর ৪৬ বিগ্রেড ইনফ্যানটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকার-উজ জামান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইকুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সুধীর চন্দ্র দাস।
এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোশাররফ এম হোসেন পদাধিকার বলে পরিচালনা পর্ষদের সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/এমআই/পিডি/২৩৫৭ ঘ.
bdnews24