২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে সব রকমের চেষ্টা দরকার: সাজেদা

পুঁজিবাজারকে কেন্দ্র করে ‘সর্বাত্মক উদ্যোগ’ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারকে কেন্দ্র করে ‘সর্বাত্মক উদ্যোগ’ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। জাতীয় সংসদে মঙ্গলবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “শেয়ারবাজার নিয়ে সাধারণ জনগণ বড় কষ্টে আছে। এই দিকটায় আমাদের অল আউট এফোর্ট দেওয়া দরকার।” “বিভিন্ন দেশের ভালো শেয়ারবাজারগুলো যে পদ্ধতিতে চলছে, আমাদেরকে সেরকমভাবে শেয়ার বাজার চালাতে হবে।” “সব সমস্যারই সমাধান আছে। এই সমস্যারও সমাধান করতে হবে।” বিএনপির ‘ঢাকা চলো’ কর্মসূচি ‘চূড়ান্তভাবে ফ্লপ’ করেছে মন্তব্য করে সাজেদা বলেন, “মহান স্বাধীনতার মাসে মহাসমাবেশের নামে এই কর্মসূচি এক মহাতামাশায় পরিণত হয়েছে। তারা ৫০ লাখ লোকের জমায়েতের কথা বললেও এক লাখ লোকও হয়নি।” বিপুল লোক জমায়েত করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি ‘ঘোলা পানিতে মাছ শিকার করা’ বিরোধী দলের লক্ষ্য ছিল বলে মন্তব্য করেন সাজেদা। বিরোধী দলকে সংসদে এসে তাদের প্রস্তাব উত্থাপন করার আহ্বান জানানন তিনি। তিনি বলেন, “খালেদা জিয়াকে অনুরোধ জানাই ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি বাদ দিয়ে ‘চলো চলো সংসদ চলো’ বলে সংসদে আসুন।” ‘চলো চলো ঢাকা চলো’ নামে সোমবার রাজধানীতে মহাসমাবেশ করে বিএনপি যাতে দেশের বিভিন্ন স্থান থেকে কর্মী-সমর্থকরা যোগ দেয়। সরকারদলীয় নেতারা দাবি করে আসছিলেন, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এ কর্মসূচি দিয়েছে বিএনপি। সংসদে অর্থনীতি, বিশ্বমন্দা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ খাত, শিক্ষা ব্যবস্থা এবং খাদ্য ব্যবস্থাসহ বিভিন্ন খাতে উন্নয়নে সরকারের ‘উন্নয়নের’ বর্ণনা দেন সাজেদা চৌধুরী। বিশ্ব ব্যাংকের অর্থায়ন জটিলতায় আটকে থাকা ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নিজেরা টাকা জমা করে হলেও পদ্মা সেতু করব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২০৫৫ ঘ.