ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে মার্জিন ঋণের সুদ মওকুফের ফলে বাজারে আস্থা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের ঘোষণার পর সোমবার থেকেই তারা সুদ মওকুফের কার্যক্রম শুরু করবেন।
রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে তাদের নেওয়া মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করা হবে। আর আগামী প্রাথমিক গণপ্রস্তাবগুলোয় (আইপিও) ২০ শতাংশ কোটাও থাকবে তাদের জন্য।
এ বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের এ সিদ্ধান্তের প্রশংসা করছি। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা অনেক বেড়ে যাবে।”
“মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে বাজার নিয়ে ভাবা হচ্ছে। বাজারের প্রতি তাদের সদয় দৃষ্টি রয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য এটা যথেষ্ঠ,” বলেন তিনি।
মোহাম্মদ হাফিজ আরো বলেন, অর্থমন্ত্রী মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য আগামী অর্থবছরের বাজেটে বিভিন্ন ছাড় দিতে চেয়েছেন।
সরকারের এ ঘোষণার ফলে পুঁজিবাজারে একটা ইতিবাচক ধারা সৃষ্টি হবে বলে মনে করেন সোনালি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ওয়ালিয়ার রহমান।
“আজকের ঘোষণা খুবই ইতিবাচক। এতে পুঁজিবাজার বর্তমান অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে বলে আমি মনে করি,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
ওয়ালিয়ার রহমান জানান, সোমবার থেকেই তারা সুদ মওকুফের কার্যক্রম শুরু করবেন।
এদিকে সুদ মওকুফ করা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারের পদক্ষেপে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ‘খুশি’ হলেও হতাশ প্রকাশ করেছেন অপেক্ষাকৃত বড় বিনিয়োগকারীরা।
ক্ষুদ্র বিনিয়োগকারী বলতে নিজের ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকে বোঝাবে।
এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শহীদ হোসেন নামের একজন ক্ষুদ্র বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ হলে অন্তত কিছু অর্থ ফেরৎ পাওয়া যাবে।”
তবে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মাসুদ হোসেন নামের একজন ‘বড়’ বিনিয়োগকারী বলেন, “সরকার শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফ করে এক ধরণের বৈষম্য তৈরি করেছে। বড় বিনিয়োগকারীদের সুদ মওকুফ করলে দোষের কি ছিল জানি না।”
গত ২২ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী জানান, বর্তমানে পুঁজিবাজারে ১৭ লাখ বিনিয়োগকারী রয়েছেন। যাদের ১৫ লাখই ক্ষুদ্র বিনিয়োগকারী।
মাসুদ হোসেন বলেন, “ক্ষুদ্র বিনিয়োগকারী সংখ্যায় বেশি হলেও তাদের বিনিয়োগ কম। তাই বড় বিনিয়োগকারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।”
বড় বিনিয়োগকারীদের সুদ মওকুফ হলে তারা বাজারে আরও সক্রিয় হয়ে উঠতেন বলে জানান মাসুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯১৩ ঘ.
bdnews24