২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিন দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয়েছে ২৩ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচকে ওঠানামার পর শেষ দিকে এসে সূচক সামান্য বেড়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর সূচক কমলেও দশ মিনিট পর তা বাড়তে থাকে। বেলা ১২টার কিছু আগে তা আবার পড়ে যায়। দুপুর দুইটা থেকে সূচক আবার বাড়তে থাকে। দিন শেষে ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৭ পয়েন্ট হয়েছে। দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে তাদের নেওয়া মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করা হবে। আগামী প্রাথমিক গণপ্রস্তাবগুলোয় (আইপিও) ২০ শতাংশ কোটাও থাকবে তাদের জন্য। রোববার হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত আছে ২২টির। লেনদেন হয়েছে প্রায় ২৭৩ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ১৩৫ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচক ১৪১ পয়েন্ট কমলেও সব মিলিয়ে গত সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ) ডিএসই সাধারণ সূচকে যোগ হয়েছে ১৮৬ পয়েন্ট। এ নিয়ে টানা চার সপ্তাহ সূচক বাড়ল। ২০১০ সালের ডিসেম্বর পুঁজিবাজারে বড় ধরনের অস্থিরতা শুরু হওয়ার পর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ। ২ ফেব্রুয়ারি ডিএসই সাধারণ সূচক ৩ হাজার ৬১৬ পয়েন্ট পর্যন্ত নামে। এরপর থেকে সূচক আবার বাড়তে থাকে। গত সপ্তাহের আগের সপ্তাহে (১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১০৮ পয়েন্ট। তারও আগের সপ্তাহে (১২ ফেব্রুয়ারি-১৬ ফেব্রুয়ারি) সাধারণ সূচক ২৪৫ পয়েন্ট বা ৬.১৯ শতাংশ বাড়ে। এর আগের সপ্তাহেও (৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি) ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ১৬৫ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩৬ ঘ.