ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের চতুর্থ দিন দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষ হয়েছে সূচকের বৃদ্ধি নিয়ে। গতদিনের চেয়ে লেনদেনও কিছুটা বেড়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর থেকে ওঠানামার মধ্যে দিয়ে সূচক বাড়ে। দুপুর সোয়া ১টায় ডিএসই সাধারণ সূচক প্রায় ৯৬ পয়েন্ট বাড়ে। কিন্তু লেনদেনের শেষভাগে এসে সূচক কমে আসে।
দিনশেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৫ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত আছে ৮টির। লেনদেন হয়েছে ৫৩৫ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে ৫ কোটি টাকা বেশি।
মঙ্গলবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ১৪৭ পয়েন্ট। টানা তিন দিন ঊর্ধ্বগতির পর সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসই সাধারণ সূচক ২১ পয়েন্ট কমে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৭৪ পয়েন্ট।
গত সপ্তাহের শুরুতে দুই দিন দরপতন হলেও গত বুধবার পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে অর্থমন্ত্রীর বৈঠকের খবরে শেষের দুই কার্যদিবসে বাজারে চাঙ্গাভাব দেখা যায়। গত সপ্তাহের (১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি) চার কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১০৮ পয়েন্ট।
গত বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার সংশি¬ষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, আগামী ১০ দিনের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর পদক্ষেপ চূড়ান্ত হবে।
আস্থার সংকট কাটিয়ে পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টা সফল হবে বলেও মন্তব্য করেন তিনি।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষ্যে গঠন করা কমিটি গত বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেয়।
গত সপ্তাহের আগের সপ্তাহে (১২ ফেব্রুয়ারি-১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ২৪৫ পয়েন্ট বা ৬.১৯ শতাংশ বাড়ে। এর আগের সপ্তাহেও (৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৬৫ পয়েন্ট।
২০১০ সালের ডিসেম্বর থেকে পুঁজিবাজারে অস্থিরতা শুরু হয়। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২৭ ঘ.
bdnews24