ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্চেন্ট ব্যাংকের পরিশোধিত মূলধন বাড়াতে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা-১৯৯৬’ সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়। প্রস্তাবিত সংশোধনীতে মার্চেন্ট ব্যাংকগুলো শুধু ইস্যু ব্যবস্থাপনার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন এক কোটি থেকে বাড়িয়ে দুই কোটি ৫০ লাখ টাকা, শুধু ইস্যু অবলেখনের (আন্ডার রাইটিং) জন্য পরিশোধিত মূলধন পাঁচ কোটি থেকে বাড়িয়ে ১২ কোটি ৫০ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া পোর্টফোলিও ব্যবস্থাপনার জন্য পরিশোধিত মূলধন পাঁচ কোটি থেকে বাড়িয়ে সাড়ে ১২ কোটি এবং পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন ১০ কোটি থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার সুপারিশ এসেছে।
বিষয়টি জনমত জরিপের জন্য দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এএল/২০২৫ ঘ.
bdnews24