ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পুঁজিবাজার নিয়ে নানা ধরনের গুজব রটানোর পাশাপাশি বেআইনিভাবে মূল্য সংবেদনশীল তথ্য দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুকে।
বাজার সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন।
ফেইসবুকে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে খোলা কিছু পেইজ ও গ্র“পে কোন কোম্পানির লভ্যাংশ ঘোষণা কত আসবে, শেয়ার প্রতি আয় (ইপিএস) কেমন আসবে, রাইট শেয়ারের ঘোষণা কবে আসবে তা আগে থেকেই বলে দেওয়া হচ্ছে।
বাজারের সূচক কমবে না বাড়বে তা নিয়ে ছড়ানো হচ্ছে নানান ধরনের তথ্য। এগুলোর বেশিরভাগই গুজব হলেও কিছু কিছু তথ্য মিলেও যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজার সম্পর্কে কোনও ধরণের গুজব বা আগাম মূল্য সংবেদনশীল তথ্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ বিষয়টা কতটা তদারকি করছে সেটাই দেখার বিষয়।”
এসইসির সাবেক এ চেয়ারম্যান বলেন, “বিষয়টা নিয়ে এসইসির তদারকি করা এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ।”
পুঁজিবাজার নিয়ে ফেইসবুক সচল কয়েকটি গ্র“প ও পেইজের মধ্যে রয়েছে, বিডি ক্যাপিটাল মার্কেট, লস্ট মেমোরি কামস ব্যাক, ঢাকা স্টক এক্সচেঞ্জ ফর পাবলিক ডিসকাশন, অ্যানালাইসিস ফর ইনভেস্টমেন্ট, ডিএসই অ্যান্ড সিএসই স্মল অ্যান্ড নিউ ইনভেস্ট, ডিএসই: হট আইটেম অ্যান্ড হট নিউজ রানিং উইথ কারেন্ট মার্কেট, এবিসি শেয়ার কনসালটেন্সি, সেন্টার ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড স্টক কনসালটেন্সি।
বিডি ক্যাপিটাল মার্কেট এর অ্যাডমিন বুধবার রাতে লিখেছেন, “আগামীকালের লেনদেনে ওপর আগামী সপ্তাহের বাজার নির্ভর করছে। লেনদেন যদি ৩০০ কোটি টাকার বেশি না হয় তাহলে সামনে মার অপেক্ষা করছে।”
১৪ ফেব্র“য়ারি একই অ্যাডমিন লেখেন, “২৯ ফেব্র“য়ারি পর্যন্ত বাজার ভালো থাকবে।”
এ গ্র“প থেকে একটি কোম্পানির শেয়ারের ইপিএস ও রাইট শেয়ার সম্পর্কে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে তা বিনিয়োগকারীদের কেনার পরামর্শ দেওয়া হয়।
আরেকটি গ্র“প লস্ট মেমোরি কামস ব্যাক এর অ্যাডমিন গত সপ্তাহ জুড়েই গুজব রটিয়েছেন যে, “বাংলাদেশ ব্যাংক আইসিবিকে ৬০০ কোটি টাকা দিচ্ছে। সিআরআর দশমিক ৫০ শতাংশ কমানো হচ্ছে।”
এ গ্র“পে একটি কোম্পানির শেয়ার কেনার পরামর্শ দিয়ে বলা হচ্ছে, ‘ওই শেয়ার ১৮০ টাকা পর্যন্ত যাবে। আইসিবি টাকা পেলে এ কোম্পানির শেয়ার কিনবে।”
ডিএসই: হট আইটেম অ্যান্ড হট নিউজ রানিং উইথ কারেন্ট মার্কেট এর অ্যাডমিন শনিবার তার সদস্যদের উদ্দেশ্যে লিখেছেন, “মার্চেন্ট ব্যাংক ফোর্স সেল শুরু করলে মার্কেট ব্যাপক ডাউন হতে পারে, তাই সতর্ক থাকবেন।”
এ বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসইসির আইন অনুযায়ী গুজব ছড়ানো একটি দন্ডনীয় অপরাধ। কারা গুজব ছড়িয়ে বাজারকে প্রভাবিত ও কারসাজি করতে চাচ্ছে এসইসিকে তা চিহ্নিত করা উচিৎ।”
বিনিয়োগকারীদের কোনো ধরনের গুজবে কান না দিয়ে সুচিন্তিতভাবে বাজারে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।
এদিকে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকেও মনে করা হচ্ছে, নানা ধরনের গুজবের কারণে বাজার প্রভাবিত হচ্ছে।
গত ৩১ জানুয়ারি বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষেও সঙ্গে বৈঠক শেষে এসইসির মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, “বাজারে বিভিন্ন গুজব ও বিভিন্ন পক্ষ থেকে কথা বলা হয়েছে, সেসব নিয়ে আমরা আলোচনা করেছি।”
তবে এ বিষয়ে শনিবার সাইফুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি ‘ব্যস্ত আছি’ বলে এড়িয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৭২০ ঘ.
bdnews24