ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী এমএ মুহিত বলেছেন, খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদনের প্রকাশিত কপিতে একটি শব্দও বাদ দেওয়া হয়েছে প্রমাণ হলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন।
মন্ত্রী বৃহস্পতিবার সংসদে বলেন, “ইব্রাহিম খালেদের প্রতিবেদন অক্ষরে অক্ষরে প্রকাশ করেছি। কেউ যদি বলেন, ওই প্রতিবেদনের একটি শব্দও বাদ পড়েছে এবং কেউ যদি তা প্রমাণ করতে পারেন তাহলে আমি সঙ্গে সঙ্গে রিজাইন করবো।”
এর আগে তিনি বলেন, “আমি পুঁজিবাজার নিয়ে কথা বলি না। আমি কথা বললেই নাকি সমস্যা হয়। কারণ, আমি সাফ সাফ কথা বলি।”
২০১০ সালের ডিসেম্বর এবং ২০১১-এর জানুয়ারিতে পুঁজিবাজারে রেকর্ড দরপতনের পর কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি কমিটি করে সরকার।
ওই কমিটির প্রতিবেদন অনুযায়ী পুঁজিবাজারে কারসাজির জন্য দায়ী সন্দেহভাজনদের বিরুদ্ধে ইতোমধ্যে পাঁচটি মামলা হয়েছে জানিয়ে মুহিত বলেন, “অধিকতর তদন্তের পর আরো সাতটি মামলা প্রস্তুত করা হয়েছে। যে কোনো সময়ে এগুলো দায়ের করা হবে।”
ওই প্রতিবেদনের সব সুপারিশ বাস্তবায়নযোগ্য নয় বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “তিনি ইব্রাহিম খালেদ] যত সুপারিশ করেছেন তার সবই অনুমান নির্ভর। অনুমানের ওপর মামলা করলে ৯৬ সালে যা হয়েছিলো তাই হতো।”
“ওই মামলাগুলোর কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়নি।”
বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে সা¤প্রতিক সময়ে টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, “পুঁজিবাজারের প্রভাব অর্থনীতিতে নেই বলে সেখানে বলা হয়েছে।”
দেশের অর্থনীতি নিয়ে মুহিত বলেন, “কোথায় অর্থনীতি দুর্বল আছে তা আমি জানি না। দেশে বিনিয়োগ হচ্ছে, আমদানি হচ্ছে, লোকজনের চাকরি হচ্ছে।”
জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে ‘মানি লন্ডারিং প্রতিরোধ বিল-২০১২’ পাসের সময় এ কথা বলেন অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এএইচ/পিডি/২২২০ ঘ.
bdnews24