ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের চতুর্থ দিন সূচকে ঊর্ধ্বগতি নিয়ে লেনদেনের শুরু হলেও দিন শেষে দরপতন হয়েছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বুধবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ১৫ মিনিট ডিএসই সাধারণ সূচক বাড়ে। এরপর ওঠানামার মধ্য দিয়ে তা কমতে থাকে। লেনদেন শেষে সূচক পৌঁছায় ৪ হাজার ৫০২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় প্রায় ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ কম।
হাতবদল হয় প্রায় ৬০৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৩০টি শেয়ারের, কমে ২৩৬টির এবং অপরিবর্তিত ছিল ৮টি।
সপ্তাহের প্রথম দুই দিন সূচক কমার পর মঙ্গলবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৮২ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ৬২৮ কোটি টাকার শেয়ার। এর মধ্যে দাম বাড়ে ২৪৪টি শেয়ারের, কমে ২৬টির ও অপরিবর্তিত ছিল ৬টির দাম।
সোমবার ডিএসই সাধারণ সূচক প্রায় এক শতাংশ বা ৪৫ পয়েন্ট কমে। সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে ১০৩ পয়েন্ট বা ২ দশমিক ২৩ শতাংশ।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩৬ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৮৫১ কোটি টাকা।
এর আগের সপ্তাহে সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ৭১ কোটি টাকা।
বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, ইউনাইটেড এয়ারওয়েজ, যমুনা অয়েল, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, ইউসিবিএল ও আমরা টেকনোলজি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, রিলায়েন্স ১, শমরিতা হসপিটাল, যমুনা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ম্যারিকো, আনলিমা ইয়ার্ন, এসিআই, ইস্টার্ন লুব্রিকেন্টস, কাশেম ড্রাইসেল ও কন্টিনেন্টাল ইন্সুরেন্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, আইসিবি এএমসিএল ২য়, পিএফ ১ম মিউচুয়াল ফান্ড, ৩য় আইসিবি, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, এসইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, এইমস ১ম মিউচুয়াল ফান্ড, গ্রামীন স্কিম ২, ৭ম আইসিবি, ৫ম আইসিবি ও ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪১ ঘ.
bdnews24