ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী বলেছেন, পুঁজিবাজারে অস্থিরতা সৃষ্টিতে দায়ীদের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে ।
আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেন, “শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত কিছু ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে অধিকতর তদন্ত চলছে। তদন্তে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সাংসদ এমএ মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
২০১০ সালের ডিসেম্বর ও ২০১১-এর জানুয়ারিতে দেশের পুঁজিবাজারে অস্থিরতার প্রেক্ষিতে খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি করে সরকার। গত বছরের ৭ এপ্রিল ওই কমিটির দেওয়া তিন শতাধিক পৃষ্ঠার প্রতিবেদনে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়।
মূলত শেয়ারবাজার সংশ্লিষ্টদের সাক্ষাৎকারের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি হয়।
সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্র্নিধারণের জন্য একজন সচিবকে সভাপতিকে করে আট সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে মঙ্গলবার সংসদে জানান অর্থমন্ত্রী।
সাংসদ তারানা হালিমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
সাংসদ হারুনুর রশিদের প্রশ্নের জবাবে মুহিত জানান, বাংলাদেশের সঙ্গে ১৮টি দেশের যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বর্তমানে কার্যকর আছে। বর্তমান অর্থবছরের ফেব্র“য়ারিতে ভিয়েতনামে বাংলাদেশ-ভিয়েতনাম, মার্চে বাংলাদেশ-শ্রীলঙ্কা এবং এপ্রিলে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের যৌথ কমিশনের বৈঠক হবে।
ফজিলাতুন্নেসা বাপ্পির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ১৯ হাজার তিনশ ৩৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। বর্তমান সরকারের প্রথম তিন বছরে রেমিটেন্স এসেছে ৩৩ হাজার আটশ ৯০ মিলিয়ন মার্কিন ডলার।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০৩ ঘ.
bdnews24