ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মুদ্রানীতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বলেছে, এতে পুঁজিবাজারের বিপক্ষে কোনো কিছু করা হয়নি।
রোববার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা শেষে সংগঠনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “পুঁজিবাজারের বিনিয়োগ যে অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ নয়, তা প্রথমবারের মতো ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এটা একটা ভালো সিগন্যাল।”
পুঁজিবাজারের সা¤প্রতিক দরপতনের কারণ সম্পর্কে হাফিজ বলেন, “প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর বাজার একটু ঘুরে দাঁড়াচ্ছিল। কিন্তুু সরকারের পরিপত্র জারির পর ভুল বোঝাবুঝির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।”
এ ছাড়া বাজারে আস্থা ও তারল্য সংকট রয়েছে বলেও তিনি মনে করেন।
বর্তমান অবস্থা থেকে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে আশা করে মোহাম্মদ এ হাফিজ বলেন, “বর্তমানে ডিএসইর মূল্য আয় (পিই) অনুপাত ১১ এর কাছাকাছি রয়েছে, যা বিনিয়োগের জন্য খুবই উপযোগী। এ সুযোগ কেউ না কেউ গ্রহণ করবে। এ ছাড়া জুনের মধ্যে সরকারি কোম্পানিগুলোর পাশাপাশি অধিকাংশ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে। তাই বাজার আপন গতিতেই ভালো হয়ে যাবে।”
মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগের বিষয়ে মোহাম্মদ এ হাফিজ বলেন, “প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছু কিছু করে আসছে। কিন্তু তারা একটা লেভেলে এন্টি করার পর যখন দেখছে বাজার আরো পড়ে যাচ্ছে, তখন ন্যাচারালিই তারা সাইড হয়ে যাচ্ছে।”
বিনিয়োগকারীদের স্বার্থে ফোর্স সেল বন্ধ করার জন্য অন্যান্য মার্চেন্ট ব্যাংকারদের তিনি অনুরোধ জানাবেন বলেও আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফজেড/আরবি/এসইউ/১৯১৩ ঘ.
bdnews24