ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতন দিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
বুধবার সূচক কমার মধ্য দিয়েই লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৪০ মিনিটে সূচক ১২৩ পয়েন্ট কমে। এর পর ওঠানামার মধ্য দিয়ে সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৪ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া ২৬২ টি কো¤পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ৭টির দাম। লেনদেন হয়েছে ২৬২ কোটি টাকার শেয়ার যা আগের দিনের চেয়ে ২৯ কোটি টাকা বেশি।
বুধবারের লেনদেন নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজার এতো বেশি পড়েছে যে, এখান থেকে ঘুরে দাঁড়ানোটাই স্বাভাবিক। আজকের বাজারের আচরণটাও ভালো মনে হয়েছে। প্রচুর ক্রেতা দেখা গেছে বাজারে।”
পুঁজিবাজার নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কিছুদিন পর বাজারে লেনদেনযোগ্য শেয়ার কমে যাবে। উদ্যোক্তা পরিচালকরা ৩০ শতাংশ শেয়ার ধারন করবে, ৩০ শতাংশের মতো থাকবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। তখন লেনদেনযোগ্য শেয়ার থাকবে ৩৫ থেকে ৪০ শতাংশের মতো। এর ফলে বাজার এমনিতেই ভালো হবে।”
এদিকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ফখরউদ্দিন আলি আহমেদ বলেন, “পুঁজিবাজার নিয়ে আমরা যা বুঝছি, হচ্ছে তার উল্টোটা। এ মূহুর্তে সব ধরণের হিসাব নিকাশ বলছে বাজার বাড়বে। কিন্তু গত কয়েকদিন বাজার পড়লো।”
গত কয়েক সপ্তাহের দরপতনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আপনারা-আমরা সবাই জানি কেন পড়ছে। এটা আর বলার অপেক্ষা রাখে না। শুধু আতঙ্কিত হয়ে শেয়ারগুলো আমরা দিয়ে দিচ্ছি।”
ফখরউদ্দিন বলেন, “প্রত্যেক পুঁজিবাজারের নিজস্ব একটা শক্তি আছে। আমাদের পুঁজিবাজারেও বর্তমানের এই জায়গায় একটা শক্তি আছে। এজন্য বারবার এখান থেকেই বাজার ঘুরে যাচ্ছে।”
পুঁজিবাজার স্থিতিশীলতার জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড কমিশন প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর ডিসেম্বরে কিছুটা স্থিতিশীলতা দেখা গেলেও জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবার দরপতন শুরু হয়েছে।
গত তিন সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমেছে প্রায় ১ হাজার পয়েন্টের মতো।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে সাধারণ সূচক ১৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৬ পয়েন্ট হয়, যা ২০১০ সালের ডিসেম্বরে পুঁজিবাজারে দরপতন শুরু হওয়ার পর সর্বনিু। সোমবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক ৭১ পয়েন্ট কমে। রোববার সূচক ২৩৬ পয়েন্ট হারায়।
বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৮৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২২০ হয়েছে। বাছাই সূচক (সিএসসিএক্স) ৫৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬৯ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে ৩৭ কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া ১৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৫৫টির, এবং অপরিবর্তিত আছে ৮টির দাম।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো - গ্রামীণ ফোন, বেক্সিমকো লি., ইউনাইটেড এয়ারওয়েজ, আরএন স্পিনিং, এনবিএল, সোস্যাল ইসলামি ব্যাংক লি., ফু-ওয়াং সিরামিকস, যমুনা অয়েল, বীকন ফার্মা ও আফতাব অটো।
দাম বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো - বিডি ল্যাম্পস, নিটল ইন্সুরেন্স, শমরিতা হাসপাতাল, এইচআর টেক্স, রেইন উইক যজ্ঞেশ্বর, সিভিও পিআরএল, রহিমা ফুড, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, অগ্রনী ইন্সুরেন্স ও ঢাকা ডায়িং।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ৩য় আইসিবি, ফাইন ফুডস, ৪র্থ আইসিবি, ব্র্যাক সেকেন্ড বন্ড, আইসিবি ১ম এনআরবি, লিব্রা ইনফিউশন, ৬ষ্ঠ আইসিবি, ডিবিএইচ, বাটা সু ও রংপুর ফাউন্ড্রি।
নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড কমিশন প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর ডিসেম্বরে পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা গেলেও জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবার দরপতন শুরু হয়।
গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক দুটোই কমে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (১৫ থেকে ১৯ জানুয়ারি) চার কার্যদিবসে সাধারণ সূচক ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৪ শতাংশ কম।
তার আগের সপ্তাহেও ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছিল। ওই সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। ওই সময় ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮০৫ ঘ.
bdnews24