২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুরে হরতাল ডেকে রাতে প্রত্যাহার

হরতাল আহ্বানকারী পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ বলছে, দাবি মেনে নেওয়া এবং আটক নেতাদের ছেড়ে দেওয়ার আশ্বাস পেয়ে কর্মসূচি তুলে নিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটক নেতাদের ছাড়ার আশ্বাসে রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল এলাকায় ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সোমবার পুঁজিবাজারে দরপতনের বিক্ষোভ থেকে দুপুরে হরতালের ঘোষণা দেওয়া হয়। এরপরপরই আটক করা হয় বিনিয়োগকারীদের আট নেতাকে। রাতে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদতউল্লাহ ফিরোজ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাবি-দাওয়া মেনে নেওয়া এবং আমাদের আটক নেতাদের ছেড়ে দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে হরতালের কর্মসূচি প্রত্যাহার করেছি।” তবে আটক নেতাদের ছাড়া না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিনিয়োগকারীদের এই নেতা। পুঁজিবাজারে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের এই সংগঠনটি মতিঝিল এলাকায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল। এই সংগঠনটির ব্যানালে পুঁজিবাজার স্থিতিশীলে নানা দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ, সড়ক অবরোধ হলেও হরতালের কর্মসূচি এটাই ছিল প্রথম। পুঁজিবাজারে ব্যাপক দরপতনের পর দুপুরে মতিঝিল এলাকায় প্রতীকী লাশ নিয়ে মিছিল ও বিক্ষোভ করে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এক পর্যায়ে পরিষদের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ আট জনকে আটক করে মতিঝিল থানা পুলিশ। তার আগেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে দাঁড়িয়ে পরিষদের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম হরতালের ঘোষণা দিয়ে বলেন, “সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের হরতাল চলবে।” পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি প্রণয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থে সরকারের ঘোষণা করা প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ইত্তেফাকের মোড়, দৈনিক বাংলার মোড়, নটরডেম কলেজ ও দিলখুশা পর্যন্ত এলাকা হরতাল ডাকা হয়েছিল। এর আগে দুপুর থেকে ডিএসইর সামনে সড়ক আটকে বিক্ষোভ চালিয়ে আসছিল বিনিয়োগকারীরা। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, ডিএসই কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে দায়ী করে স্লোগানও দেয় তারা। বেলা দেড়টার দিকে তারা এক বিনিয়োগকারীর প্রতীকী লাশ নিয়ে মিছিল করে। লাশের খাটিয়াসহ মিছিলটি শাপলা চত্বর পর্যন্ত গিয়ে আবার ডিএসইর সামনে ফিরে আসে। মিছিলের কয়েকজন ঝাড়ু হাতেও বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা দুপুর ৩টায় প্রতীকী জানাজা পড়ার চেষ্টা করলে পুলিশ তাদের কাছ থেকে খাটিয়া কেড়ে নেয়। এরপরই হরতালের ঘোষণা দেওয়া হয়। হরতালের স্লোগান দিয়ে তারা এরপর মিছিল নিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি এসইসি, দৈনিক বাংলা, শাপলা চত্বর হয়ে আবার ডিএসইর সামনে আসে। সেখানে তারা সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের লাঠিপেটা করে। ওই সময় পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আট বিনিয়োগকারীকে আটক করে পুলিশ। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরমান আলী তখন সাংবাদিকদের বলেন, হরতালের ডাক দেওয়ায় তাদের আটক করে থানায় নেওয়া হয়েছে। পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিনিয়োগ করার সুযোগ নিয়ে ‘বিভ্রান্তির’ মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক গত সপ্তাহের চার কার্যদিবসে ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ কমে যায়। এরপর রোববার এক দিনেই সূচক কমে ৪ দশমিক ৭৮ শতাংশ বা ২৩৬ পয়েন্ট। সোমবার সূচক আরো ৭১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৩৮ পয়েন্টে দাঁড়ায়। চট্টগ্রামেও বিক্ষোভ পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে চট্টগ্রামেও বিক্ষোভ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদ শফি মোটরের সামনে চট্টগ্রাম ইনভেস্টরস ফোরামের ব্যানারে অর্ধশতাধিক বিনিয়োগকারী সমাবেশ করে। সমাবেশ থেকে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন মৌখিকভাবে না করে লিখিতভাবে প্রত্যাহার করতে হবে। এছাড়া পুঁজিবাজারে অব্যাহত দরপতনের ধারা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তারা অবিলম্বে পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি চালুর দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহবায়ক সরোজ চৌধুরী সুলভ, খোরশেদ আলম মিলন, চন্দন চৌধুরী, বোরহান উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২৩০০ ঘ.