ঢাকা, জানুয়ারী ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে গঠিত কমিটি শনিবার তাদের সুপারিশগুলো চূড়ান্ত করবে। এর পর তা অর্থমন্ত্রণালয়ে পাঠানো হবে।
বৃহস্পতিবার আইসিবিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় কমিটির প্রধান আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান এ কথা জানান।
ফায়েকুজ্জামান বলেন, “ক্ষতি পোষানোর উপায়গুলো বের করতে আমাদের দুইমাস সময় দেওয়া হয়েছিল। এর মধ্যেই আমরা প্রায় সব কাজ শেষ করেছি। আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সনাক্ত করার চেষ্টা করেছি। ”
“পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিষয়ে তথ্য চেয়েছিলাম। ১০ জানুয়ারির মধ্যেই আমরা প্রয়োজনীয় সব তথ্য পেয়েছি।”
শনিবার স্কিম কমিটির শেষ বৈঠক হবে। সেখানে আমরা সুপারিশগুলো চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়ে জমা দেব। এরপর সরকার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে,” বলেন ফায়েকুজ্জামান।
মত বিনিময়ের এই বৈঠকে ক্ষতিপূরণের বিষয়ে তিনি সাংবাদিকদের মত নেন।
গত ২৩ নভেম্বর সরকারঘোষিত বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান। এ সময় ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ২৭ নভেম্বর আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রথম বৈঠকে বসে ৫ ডিসেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসআইটি/এসইউ/১৯০২ ঘ.
bdnews24