২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারপরও’ পুঁজিবাজারে বড় পতন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে মন্ত্রিসভায় কোনো সিদ্ধান্ত হয়নি- এসইসি চেয়ারম্যানের এমন বক্তব্যের পরও বড় দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 09:50 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে মন্ত্রিসভায় কোনো সিদ্ধান্ত হয়নি- এসইসি চেয়ারম্যানের এমন বক্তব্যের পরও বড় দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। বিনিয়োগ নিয়ে ‘বিভ্রান্তিতে’ নেতিবাচক প্রতিক্রিয়ার আশংকায় মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার পর বুধবার আধ ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরুর পর প্রথম পাঁচ মিনিটেই ডিএসই সাধারণ সূচক কমে ১৭৮ পয়েন্ট। তারপর সূচক ওপরের দিকে ওঠে। পৌনে একটার দিকে সূচক গতদিনের সূচকের অবস্থানকে ছাড়িয়ে গিয়ে আবার পড়তে শুরু করে। লেনদেন শেষে ডিএসই সূচক ১৬৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৫ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে ৩১৬ কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৩৯টিরই দাম কমেছে। বেড়েছে ১৪ টির এবং অপরিবর্তিত আছে ২টির দাম। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন সকালে এক প্রেস ব্রিফিং করার পর আধ ঘণ্টা দেরিতে বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরুর ঘোষণা দেয় ডিএসই কর্তৃপক্ষ। এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, মন্ত্রী পরিষদের বৈঠকে সরকারি কর্মকর্তাদের পুঁজিবাজারে বিনিয়োগ করতে বাধা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু পুঁজিবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার দাবিতে বেলা ১১টা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ শুরু করে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হয় সকাল ১১টাতেই। লেনদেন শেষে সার্বিক সূচক ৪০৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাই সূচক (সিএসসিএক্স) ২৬৩ পয়েন্ট কমে ৮ হাজার ৭২৯ পয়েন্ট হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৬৮টির। বেড়েছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির দাম। মঙ্গলবার সকালে ডিএসইর পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকের পর ‘পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে’ লেনদেন বন্ধ রাখার ঘোষণা হয়। ডিএসইর লেনদেন বন্ধ রাখার ঘোষণায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও দুই মিনিট চলার পর বন্ধ করা হয়। পরে ওই দুই মিনিটের লেনদেন বাতিল করে কর্তৃপক্ষ। সোমবারও দেশের দুই পুঁজিবাজারে দরপতন হয়। ডিএসইতে সাধারণ সূচক কমে ১৬৭ পয়েন্ট। রোববার সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৮২ পয়েন্ট কমে। গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক দুটোই কমে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফএস/এসইউ/১৬১২ ঘ.