ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘বিভ্রান্তির’ কারণে ক্ষতি এড়াতে একদিন পুঁজিবাজার বন্ধ রাখার পর বুধবারের লেনদেনে দরপতন চলছেই। দুই পুঁজিবাজারে লেনদেন শুরু হয় আধ ঘণ্টা দেরিতে।
বুধবার বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরুর পর প্রথম পাঁচ মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক কমে ১৭৮ পয়েন্ট। তারপর সূচক ওপরের দিকে ওঠে। পৌনে একটার দিকে সূচক গতদিনের সূচকের অবস্থানকে ছাড়িয়ে গিয়ে আবার পড়তে শুরু করে।
দুপুর দুইটায় ডিএসই সূচক ১২১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৪৩ পয়েন্ট হয়েছে। ওই সময় পর্যন্ত লেনদেন হয়েছে ২২৯ কোটি টাকার শেয়ার।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫ টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত আছে ৯টির দাম।
পুঁজিবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার দাবিতে বেলা ১১টা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করছে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা।
পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে ‘বিভ্রান্তিতে’ নেতিবাচক প্রতিক্রিয়ার আশংকায় মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার পর বুধবার আধ ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয়।
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন সকালে এক প্রেস ব্রিফিং করার পর আধ ঘণ্টা দেরিতে বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরুর ঘোষণা দেয় ডিএসই কর্তৃপক্ষ।
এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, মন্ত্রী পরিষদের বৈঠকে সরকারি কর্মকর্তাদের পুঁজিবাজারে বিনিয়োগ করতে বাধা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার সকালে ডিএসইর পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকের পর ‘পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে’ ১৭ জানুয়ারি লেনদেন বন্ধ রাখার ঘোষণা হয়। ডিএসইর লেনদেন বন্ধ রাখার ঘোষণায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও দুই মিনিট চলার পর বন্ধ করা হয়। পরে ওই দুই মিনিটের লেনদেন বাতিল করে কর্তৃপক্ষ।
মঙ্গলবারও দেশের দুই পুঁজিবাজারে দরপতন হয়েছিল। ডিএসইতে সাধারণ সূচক কমে ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ৩৩ শতাংশ। লেনদেন হয় প্রায় ৩১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪২টির দাম কমে। দাম বাড়ে ১০টির এবং অপরিবর্তিত থাকে ৪টির দাম।
রোববার সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৮২ পয়েন্ট কমে।
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩৩৪ পয়েন্ট কমে। বাছাই সূচক (সিএসসিএক্স) কমে ২৩৫ পয়েন্ট। সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমে ১৭৬টির। বাড়ে ৬টির এবং অপরিবর্তিত থাকে ২টির।
গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক দুটোই কমে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফএস/এসইউ/১৪১৪ ঘ.
bdnews24