২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধ ঘণ্টা দেরিতে লেনদেন শুরু

পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে ‘বিভ্রান্তিতে’ নেতিবাচক প্রতিক্রিয়ার আশংকায় মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার পর বুধবার লেনদেন শুরু হয়েছে আধ ঘণ্টা দেরিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 05:18 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে ‘বিভ্রান্তিতে’ নেতিবাচক প্রতিক্রিয়ার আশংকায় মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার পর বুধবার আধ ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয়েছে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন সকালে এক প্রেস ব্রিফিং করার পর আধ ঘণ্টা দেরিতে বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরুর ঘোষণা দেয় ডিএসই কর্তৃপক্ষ। সাড়ে ১১টা থেকে লেনদেন শুরুর কথা জানিয়ে ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, “বাজার পরিস্থিতি নিয়ে এসইসি সংবাদ সম্মেলন করেছে। এখন আর কোনো কনফিউশন নেই। আশা করছি বাজার ধীরে ধীরে স্বাভাবিক হবে।” এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, মন্ত্রীপরিষদের সভায় সরকারি কর্মকর্তাদের শেয়ার বাজারে বিনিয়োগ করতে বাধা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে পুঁজিবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার দাবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করছে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। ডিএসইর সামনে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবারও তারা মতিঝিলে বিক্ষোভ করে। মঙ্গলবার সকালে ডিএসইর পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকের পর ‘পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে’ ১৭ জানুয়ারি লেনদেন বন্ধ রাখার ঘোষণা হয়। ডিএসইর লেনদেন বন্ধ রাখার ঘোষণায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও দুই মিনিট চলার পর বন্ধ করা হয়। ওই দুই মিনিটের লেনদেন বাতিল করে কর্তৃপক্ষ। বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বুধবার থেকে স্বাভাবিক লেনদেন শুরুর কথা জানান। মঙ্গলবার সকালে পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকের পর ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের (সামরিক ও বেসামরিক) পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে অস্পষ্টতা প্রতীয়মান হয়েছে। ডিএসই কর্তৃপক্ষ মনে করে, এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং পুঁজিবাজারে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়তে পারে। সে কারণে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে ১৭ জানুয়ারি লেনদেন বন্ধ রাখা হয়েছে।” পুঁজিবাজার স্থিতিশীলে সোমবার মন্ত্রীপরিষদ আয়কর আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করার পর এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “পুঁজিবাজার এমনিতেই ঝুঁকিপূর্ণ, এটা আমরা অনেকেই জানি। সরকারি দায়িত্ব পালনের অবস্থানে থেকে এই ধরনের ব্যবসা-বাণিজ্য করা সমীচীন নয়।” নিয়ম অনুযায়ী দেশের প্রচলিত আইনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অন্য কোনো লাভজনক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন না। তবে আইনের ফাঁক দিয়ে পুঁজিবাজারে সরকারি চাকুরেরা বিনিয়োগ করে আসছে। পরে অবশ্য আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ‘অফ দ্য রেকর্ড’ ওই কথা বলেছিলেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়েছে। এদিকে পুঁজিবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার দাবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করছে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। মঙ্গলবারও তারা মতিঝিলে বিক্ষোভ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১১৩৭ ঘ.