২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসির নিয়ম থাকলেও ওয়েবসাইটে তথ্য নেই

বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজার সম্পর্কিত হালনাগাদ তথ্য না পেয়েই বিনিয়োগকারীরা অনেকক্ষেত্রে গুজবনির্ভর সিদ্ধান্ত নেন। জানাচ্ছেন ফারহান ফেরদৌস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ফারহান ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের ওয়েবসাইটে নিয়মিত আর্থিক বিবরণী প্রকাশ করার কথা থাকলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় অর্ধেক কোম্পানিই এ নির্দেশনা মানছে না। সব কোম্পানির আর্থিক বিবরণীর লিংক ওয়েবসাইটে না দিয়ে নিয়ম ভাঙছে দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষও। বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজার সম্পর্কিত হালনাগাদ তথ্য না পেয়েই বিনিয়োগকারীরা অনেকক্ষেত্রে গুজবনির্ভর সিদ্ধান্ত নেন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব ওয়েবসাইটে ত্রৈমাসিক আর্থিক বিবরণী নিয়মিত প্রকাশ করতে হবে। একই সঙ্গে ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে কোম্পানির ওয়েবসাইটের লিংক এবং আর্থিক বিবরণীর ওয়েব লিংক থাকতে হবে। ডিএসইতে তালিকাভুক্ত ২৩২টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানির ওয়েবসাইটই খুঁজে পাওয়া যায়নি। বাকি কোম্পানিগুলোর মধ্যে ৭৪টি কোম্পানির হালনাগাদ (জুলাই-সেপ্টেম্বর) তথ্য নেই। ৩১ ডিসেম্বর দেখা যায়, ১৩০টি কোম্পানি তাদের ওয়েবসাইটে সর্বশেষ প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক বিবরণী প্রকাশ করেছে। ডিএসইর ওয়েবসাইটে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানির ওয়েবপেইজে ৩১টি কোম্পানির ওয়েবসাইটের কোনো লিংক পাওয়া যায় না। আর্থিক বিবরণীর হালনাগাদ লিংক দেওয়া আছে ৫৭টির কোম্পানির। আর্থিক বিবরণীর লিংক নেই অথবা থাকলেও তা হালনাগাদ নয় এমন কোম্পানির সংখ্যা ১৪৪টি। সিএসইতে তালিকাভুক্ত ১৯৯টি কোম্পানির মধ্যে ১৪টির ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়নি। বাকি কোম্পানিগুলোর মধ্যে আর্থিক বিবরণীর তথ্য হালনাগাদ নেই ৬৩টির। ৩১ ডিসেম্বর পর্যন্ত ১২২টি কোম্পানির ওয়েবসাইটে হালনাগাদ আর্থিক বিবরণী দেওয়া আছে। আর সিএসইর ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওয়েবপেইজে গিয়ে দেখা গেছে, ১৯টি কোম্পানির ওয়েবসাইটের লিংক দেওয়া নেই। আর্থিক বিবরণীর হালনাগাদ লিংক দেওয়া আছে ৪২টির। আর্থিক বিবরণীর লিংক নেই অথবা থাকলেও তা হালনাগাদ নয় এমন কোম্পানির সংখ্যা ১৩৮টি। ওভার-দি-কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এ হিসেবে ধরা হয়নি। এসইসির নির্দেশনা ২০১০ সালের ১৭ জানুয়ারি এসইসি তালিকাভুক্ত সব কোম্পানিকে তাদের নিজস্ব ওয়েবসাইটে ত্রৈমাসিক আর্থিক বিবরণী প্রকাশ করার আদেশ দেয়। এসইসির মতে, “তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সংবাদপত্রে খুবই সংক্ষিপ্ত আকারে তাদের ত্রৈমাসিক আর্থিক বিবরণী প্রকাশ করে থাকে। এতে আয়ের উৎসের বিস্তারিত বিবরণের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া থাকে না। সঠিক সিদ্ধান্ত নিতে বিনিয়োগকারীদের এসব তথ্য জানাটা আবশ্যক।” এর ধারাবাহিকতায় ২০১১ সালের ১১ মার্চ এসইসি আরেকটি আদেশে ডিএসই ও সিএসইকে তাদের নিজস্ব ওয়েবসাইটে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর তাদের আর্থিক বিবরণীর লিংক প্রকাশ করার ব্যাপারটি নিশ্চিত ও নিয়মিত পর্যবেক্ষণ করতে বলে। বিশেষজ্ঞদের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের তথ্যগুলো না থাকার কারণেই বিনিয়োগকারীরা গুজবনির্ভর সিদ্ধান্ত নেয়।” স্টক এক্সচেঞ্জ ও প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে নিয়মিত বিবরণী প্রকাশ করায় ব্যর্থতার ব্যাপারে তিনি বলেন, “বিনিয়োগকারীদের অন্ধকারে রাখার জন্যই এটা করা হচ্ছে।” ডিএসইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসানুল ইসলাম বলেন, “আমাদের কাজ পর্যবেক্ষণ করা। আমাদের প্রতিষ্ঠান এটি পর্যবেক্ষণ করছে এবং এসইসিকে নিয়মিত প্রতিবেদন দিচ্ছে।” কমিশনের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বলেন, “এসব আদেশ আইনের মতো এবং এগুলো মেনে চলতে হবে।” তবে তিনি বলেন, “প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট আছে কি না তা পর্যবেক্ষণ করার দায়িত্ব এসইসির কর্পোরেট ফিন্যান্স ডিপার্টমেন্টের।” ডিএসই ও সিএসই এর ওয়েবসাইট এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওয়েবসাইটে তথ্যের অভাবের জন্য নিয়ন্ত্রক সংস্থাকেই দুষলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, “এসইসির আদেশগুলোকে এসইসিকেই বাস্তবায়ন করতে হবে। কাগজে-কলমে কোনো আইন থাকা উচিত নয়।” আদেশের বরখেলাপ হলে শাস্তির বিধান থাকা উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন, “বড় কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করলেই বাকিরা আদেশ মেনে চলতে শুরু করবে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর করপোরেট গভর্নেন্স অ্যান্ড ফিনান্স স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক বাকী খলিলি বলেন, “এসইসির জনবলের অভাব রয়েছে। তবে আদেশ না মানার এটিই একমাত্র কারণ হতে পারে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/কিউএইচ/এসইউ/১৩৩৯ ঘ.