ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব ঘোষণা অনুযায়ী দুই কোম্পানির তিনজন পরিচালক শেয়ার কেনা শেষ করেছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে এসব ঘোষণা দেয়া হয়।
তাকাফুল ইন্সুরেন্সের নাফিসা সালমা জানিয়েছেন, এর আগে দেওয়া ঘোষণা অনুযায়ী তিনি ৫০ হাজার শেয়ার কেনা শেষ করেছেন। গত ২ জানুয়ারি তিনি শেয়ার কেনার এই ঘোষণা দিয়েছিলেন।
এক্সিম ব্যাংকের দুই উদ্যোক্তা পরিচালক মো. হাবিব উল্লাহ দেওয়ান ও মো. নুরুল আমিন তাদের ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা শেষ করেছেন বলে জানিয়েছেন। হাবিব উল্লাহ ১ লাখ ও নুরুল আমিন ৫০ হাজার শেয়ার কিনেছেন। গত ১ জানুয়ারি তারা শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।
এছাড়া নাভানা সিএনজির শাফিউল ইসলাম জানিয়েছেন, তার দেওয়া ঘোষণা অনুযায়ী তিনি মেয়ে ফারহানা ইসলামকে ১০ লাখ শেয়ার হস্তান্তর করেছেন। ৫ জানুয়ারি তিনি শেয়ার হস্তান্তরের এই ঘোষণা দেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে।
উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৭২৬ ঘ.
bdnews24