ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেনদেন ও সূচকের বাড়ার মধ্য দিয়ে গত সপ্তাহ শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। এই প্রবণতা স্থিতিশীলতা ফেরার ইঙ্গিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১ থেকে ৫ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ২০৯ পয়েন্ট বা ৩ দশমিক ৯৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
গত সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬৯১ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৪৮ শতাংশ বেশি। আর গত সপ্তাহে হাতবদল হওয়া শেয়ার সংখ্যা তার আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৬৭ শতাংশ।
বাজারের এই গতি-প্রকৃতি দেখে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেনদেন বাড়ছে, এটা খুবই ভালো দিক। মনে হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। এর ফলে সরকারের রাজস্বও বাড়ছে।”
চলতি সপ্তাহে পুঁজিবাজারে স্থিতিশীলতার আশা প্রকাশ করে তিনি বলেন, “নতুন বছর ভালোভাবেই শুরু হয়েছে। দ্বিতীয় সপ্তাহে লেনদেন আরো বাড়বে বলে আমার মনে হয়। কারণ, এ সপ্তাহে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন।”
তবে জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতি করার সময় পুঁজিবাজারের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন হাফিজ।
গত সপ্তাহের বাজারচিত্র নিয়ে ডিএসই সভাপতি শাকিল রিজভী বলেন, “হতাশা কেটেছে বলে মনে হচ্ছে। যেসব বিনিয়োগকারীরা বাজার ছেড়ে চলে গিয়েছিলেন, তারা আবার বাজারমুখী হচ্ছেন। এছাড়া নতুন বিনিয়োগকারীও আসছেন।”
চলতি সপ্তাহের পুঁজিবাজার নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, বাজারে ওঠানামা থাকবেই। তবে অস্থিরতা কমে গেছে। আগামীতেও স্থিতিশীলতা অব্যাহত থাকবে বলে মনে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৯২০ ঘ.
bdnews24