২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্ষদ সভা ডেকেছে ফার্মা এইডস

জুন ২০১১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনার জন্য পরিচালনা পর্ষদ সভা ডেকেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ফার্মা এইডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ জুন ২০১১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনার জন্য পরিচালনা পর্ষদ সভা ডেকেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ফার্মা এইডস। সাধারণত এ ধরণের পর্ষদ সভা থেকেই কোনো কোম্পানি তার শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে থাকে। আগামী ৫ অক্টোবর বিকেল পৌনে ৪টায় পর্ষদ সভা হবে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানিয়েছে কোম্পানিটি। ডিএসইতে মূল্য ওঠানামার চিত্র পর্যালোচনা করে দেখা যায়, 'এ' ক্যাটাগরির 'অতিমূল্যায়িত' এ কোম্পানিটির শেয়ারের দাম গত ১৩ সেপ্টেম্বর থেকে ৮ কার্যদিবস বেড়েছে। কমেছে ৩ কার্যদিবস। গত সপ্তাহে ৯ শতাংশ বেড়ে ডিএসইতে দাম বৃদ্ধির তালিকায় পঞ্চম স্থানে চলে আসে ফার্মা এইডসের শেয়ার। এর আগে ২০ সেপ্টেম্বর ৪ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ডিএসইতে দর বাড়ার শীর্ষে ছিল এ প্রতিষ্ঠানটি। 'অস্বাভাবিক' দাম বাড়ার পেছনে কোম্পানিটির কাছে কোনও মূল্য সংবেদনশীল তথ্য আছে কি না তা ২০ সেপ্টেম্বর জানতে চায় ডিএসই কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি তখন জানায়, তাদের কাছে মূল্য সংবেদনশীল কোনও তথ্য নেই। এর এক সপ্তাহ পরই পর্ষদ সভা ডাকা হলো। এদিকে পর্ষদ সভার খবর আসার দিন মঙ্গলবার ডিএসইতে ফার্মা এইডসের শেয়ারের দাম ৩ দশমিক ৮৪ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয়েছে ৩২২০ টাকা ২৫ পয়সায়। এতে কোম্পানির শেয়ারের পিই (মূল্য ও আয়ের অনুপাত) দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯৬। গত বছরের ২৮ অক্টোবর ফার্মা এইডস শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ স্টক ও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ওইদিন কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৭০০০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকায় ওঠে। ওই দিনই প্রতিষ্ঠানটির শেয়ারের লেনদেন বন্ধ করে দেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এক মাসেরও বেশি সময় আটকে রাখার পর ২ ডিসেম্বর থেকে লেনদেনের অনুমতি দেওয়া হয়। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ফার্মা এইডস তাদের সমাপ্ত অর্থবছরের প্রথম নয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা করেছে প্রায় দ্বিগুণ। কোম্পানিটি জুলাই ২০১০ থেকে মার্চ ২০১১ পর্যন্ত সময়ে কর পরবর্তী মুনাফা করেছে ৯৪ লাখ ৬০ হাজার টাকা। এ সময় ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৩০ টাকা ৩২ পয়সা। এর আগের নয় মাসে কোম্পানিটির (জুলাই ২০০৯ থেকে মার্চ ২০১০) কর পরবর্তী মুনাফা হয়েছিল ৪২ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় হয়েছিল ১৩ টাকা ৫৭ পয়সা। কোম্পানিটির শেয়ারের দাম গত এক বছরে ১৪০৮ টাকা থেকে ২৫০০০ টাকার মধ্যে ওঠানামা করে। ফার্মা এইডসের মোট শেয়ারের বাজার মূল্য ১০৪ কোটি ৪৮ লাখ টাকা এবং প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩ কোটি ১০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯২৩ ঘ.