ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী রূপালী ব্যাংক শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
১০০ টাকার প্রতিটি শেয়ার ১০টাকা হবে। মার্কেট লট ১০টির পরিবর্তে হবে ১০০টি।
সোমবার ডিএসই ওয়েবসাইটে এই ঘোষণা দেয়া হয়।
এজন্যে সংঘবিধিতে প্রয়োজনীয় পরিবর্তনের জন্যে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২০ নভেম্বর সকাল ১১টায় অতিরিক্ত সাধারণ সভা আহবান করা হয়েছে।
১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে এসইসি।
এসইসির আদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হবে।
গত বছর সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার কাজ শুরু হয়। কিন্তু গত ডিসেম্বর-জানুয়ারি পুঁজিবাজারে ধ্বসের পর এ প্রক্রিয়া স্থগিত রাখা হয়।
এরপর গত ২৩ আগস্ট সব শেয়ারের অভিহিত মূল্য ডিসেম্বরের ১ তারিখে ১০ টাকা করার ঘোষণা দেয় এসইসি।
এছাড়া ইসলামী ব্যাংক ডিএসই ওয়েবসাইটে দেয়া এক ঘোষণায় জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর দেয়া ঘোষণায় অতিরিক্ত সাধারণ সভায় তারিখ ২ সেপ্টেম্বর বলা হয়েছে, যা আসলে হবে ৪ সেপ্টেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১১৪৭ ঘ.
bdnews24