২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শুরুতে সূচক বেড়েছে

গত সপ্তাহে দরপতনের পর ঘুরে দাঁড়াল দেশের দুই পুঁজিবাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহে দরপতনের পর ঘুরে দাঁড়াল দেশের দুই পুঁজিবাজার। রোববার সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৩২ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮৪ দশমিক ৯৭ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক ২৮১ দশমিক ৩৭ পয়েন্ট বেঁড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫১৭ দশমিক ৫৬ পয়েন্টে। এদিন দু' স্টক এক্সচেঞ্জেই আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৫৮ টি কো¤পানির ৪ কোটি ৮ লাখ ৫৮ হাজার ৪০৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ প্রায় ৩৬৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৬৫ কোটি টাকা বেশি। দাম বেড়েছে ২৪৫টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৩টির। এদিকে সিএসইতে রোববার লেনদেন হয়েছে প্রায় ৫২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশি। সিএসইতে দাম বেড়েছে ১৭১টি কোম্পানির শেয়ারের, কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির। পুঁজিবাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকটি পদক্ষেপ সত্ত্বেও গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ৫ দশমিক ২৭ শতাংশ কমে দাঁড়ায় ৫৬৫২ পয়েন্টে। এরপর মিশ্র ভাব নিয়ে সপ্তাহের প্রথম দিন শুরু করে ডিএসই। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে সাধারণ সূচক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৬৮৩ পয়েন্টে। এরপর ১১টা ২০ মিনিটে আবার ১৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৬৩৯ পয়েন্টে। তবে এরপর ধীরে ধীরে সূচক বাড়তে শুরু করে। ১২টা ১ মিনিটে ৩৮ পয়েন্ট, ১টা ১ মিনিটে ৪৪ পয়েন্ট এবং ২টা ১ মিনিটে সূচক ১০০ দশমিক ৯৮ পয়েন্ট বাড়ে। ২৫ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭ কার্যদিবস। এরমধ্যে ২৬ কার্যদিবসেই দরপতন হয়েছে। বেড়েছে মাত্র ১১ কার্যদিবস। গত দুমাসে সূচক কমেছে ১০৫৮ পয়েন্ট। বাজার মূলধন কমেছে ৪০ হাজার কোটি টাকারও বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো - বেক্সিমকো লি., লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, ফু-ওয়াং ফুডস্, মালেক স্পিনিং, এনবিএল, এমআই সিমেন্ট ও তিতাস গ্যাস। দর বৃদ্ধির শীর্ষে ১০টি কো¤পানি হলো- মেঘনা লাইফ ইন্সুরেন্স, কে এন্ড কিউ, মেঘনা কনডেন্সড মিল্ক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সন্ধানী ইন্সুরেন্স, ইমাম বাটন, লিগেসি ফুটওয়্যার, রহিমা ফুডস, আইপিডিসি ও ওশেন কন্টেইনার লি.। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো - ব্যাংক এশিয়া, সাভার রিফ্রেক্টরিজ, রেকিট বেঙ্কিজার, গ্রামীণ ১, এআইবিএল ১ম ইসলামী মিউ. ফান্ড, ২য় আইসিবি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইসিবি, তাল্লু স্পিনিং ও ন্যাশনাল টি। ইতোমধ্যে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে মিউচুয়াল ফান্ডগুলোর একক ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগ সীমা স্থগিত করেছে এসইসি। এছাড়া কোনো কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনো কোম্পানির পাঁচ শতাংশ বা এর বেশি শেয়ার আছে এমন শেয়ারহোল্ডারদেরও ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬১৫ ঘ.