ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার কিনতে শুরু করেছেন কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বেক্সিমকো লিমিটেড, সিটি ব্যাংক ও ইউনাটেড লিজিংয়ের পরিচালকরা নিজ নিজ কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বাজারে অস্থিতিশীলতা ঠেকাতে বুধবার নিজেদের কোম্পানির শেয়ার কেনার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংস্কারের জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া বুধবারই কোনো কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসইসি। একই সঙ্গে কোনো কোম্পানির পাঁচ শতাংশ বা এর বেশি শেয়ার আছে এমন শেয়ারহোল্ডারদেরও ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসইসি।
বৃহস্পতিবার ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, বেক্সিমকো লিমিটেডের অন্যতম পরিচালক সালমান এফ রহমান কোম্পানিটির ৫ লাখ শেয়ার কিনবেন। বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি ৩১ অক্টোবরের মাধ্যমে এ শেয়ার কেনা শেষ করবেন।
ওয়েবসাইটে জানানো হয়েছে, সিটি ব্যাংকের পরিচালক ইভানা ফাহমিদা মোহাম্মদ কোম্পানিটির ৪০ হাজার শেয়ার কিনবেন। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি ৩১ অক্টোবরের মাধ্যমে এ শেয়ার কেনা শেষ করবেন।
এছাড়া ইউনাইটেড লিজিংয়ের পরিচালক সৈয়দ এহসান কাদির কোম্পানিটির ২০০ শেয়ার বাজার দরে ৩১ অক্টোবরের মধ্যে কিনবেন।
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়া বেক্সিমকো লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদের কাছে কোম্পানিটির মোট শেয়ারের ১৩ দশমিক ২৫ শতাংশ রয়েছে। বাকি ৭৬ দশমিক ৪৫ শতাংশ সাধারণ শেয়ারহোল্ডার এবং ১০ দশমিক ৩ শতাংশ রয়েছে বিদেশিদের কাছে।
অন্যদিকে ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়া সিটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের কাছে কোম্পানিটির মোট শেয়ারের ১২ দশমিক ৮৮ শতাংশ রয়েছে। বাকী ৬৯ দশমিক ১২ শতাংশ পাবলিক এবং ১৮ শতাংশ রয়েছে ইন্সটিটিউটের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৪০১
bdnews24