২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে দিনভর সূচকের ওঠানামা

দিনভর ওঠানামার পর সাধারণ সূচকে যোগ হয়েছে ২ দশমিক ৮৭ পয়েন্ট। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 05:12 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ দিনভর ওঠানামার পর সাধারণ সূচকে যোগ হয়েছে ২ দশমিক ৮৭ পয়েন্ট। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও কমেছে। বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে ৫৬৫২ দশমিক ৩২ পয়েন্টে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৭ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০২৩৬ পয়েন্টে। বুধবার ডিএসই সাধারণ সূচক কমে ১৬০ পয়েন্ট। এরপরই কোনো কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এসইসি। একই সঙ্গে কোনো কোম্পানির পাঁচ শতাংশ বা এর বেশি শেয়ার আছে এমন শেয়ারহোল্ডারদেরও ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসইসি। এদিকে বাজার পতনের মুখে বুধবার নিজেদের কোম্পানির শেয়ার কেনার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংস্কারের জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। হরতালে কোরাম পুরণ হওয়ায় বৃহস্পতিবার নির্ধারিত সময়েই শুরু হয় দু স্টক এক্সচেঞ্জে লেনদেন। শুরুতেই প্রথম পাঁচ মিনিটে ডিএসই সাধারণ সূচক ৭৮ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৭২৮ পয়েন্টে। কিন্তু এরপরই সূচক কমতে শুরু করে। ১টা ২০ মিনিটে ৭০ পয়েন্ট কমে যায় সূচক। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ১০৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ২৯৭ কোটি টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৩ কোটি টাকার শেয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ১৫৩৫ ঘ.