২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব বীমা প্রতিষ্ঠানকে শেয়ার ছাড়ার সুপারিশ

দেশের সব বীমা প্রতিষ্ঠানকে বাজারে শেয়ার ছাড়ার সুপারিশ করেছে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব বীমা প্রতিষ্ঠানকে বাজারে শেয়ার ছাড়ার সুপারিশ করেছে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বৈঠকে জানানো হয়, বর্তমানে দেশে দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসহ বেসরকারি বীমা খাতে ১৭টি জীবন বীমা এবং ৪৩টি সাধারণ বীমা কোম্পানি রয়েছে। প্রাথমিক হিসাবে ২০১০ সালে জীবন বীমা কোম্পানি প্রায় ৬ হাজার কোটি টাকা ও সাধারণ বীমা কোম্পানিগুলো প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা প্রিমিয়াম আয় করেছে। বীমা শিল্প এককভাবে বাংলাদেশের অর্থনীতিতে এ পর্যন্ত মোট ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। বর্তমানে বীমা খাতে প্রায় ২০ লাখ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন। ২০১০ সালে বীমা শিল্প আয়কর ও ভ্যাট বাবদ যথাক্রমে প্রায় ১ হাজার ২২ কোটি ও ১০৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। বৈঠকে বীমা খাতকে যুগোপযোগী ও আরো গতিশীল করার লক্ষ্যে সরকারি এবং বেসরকারি বীমা শিল্পের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, এম এ মান্নান, গোলাম দস্তগীর গাজী এবং ফরিদা রহমান বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১২৫ ঘ.