২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত সপ্তাহে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। পুঁজিবাজারে অস্থিরতা কমায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। পুঁজিবাজারে অস্থিরতা কমায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় ৩২ শতাংশ। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৮৬ লাখ টাকার। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২৩২ পয়েন্ট বা ৪ দশমিক ৬৪ শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার ২৩২ পয়েন্ট। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই ডিসএই সাধারণ সূচক বেড়েছে। তবে সূচক বৃদ্ধির পরিমাণ ছিল বছরের অন্যান্য সময়ে তুলনায় কম। চলতি বছর জুড়েই পুঁজিবাজারে সূচক খুব বেশি ওঠানামা করায় অস্থিরতা সৃষ্টি হয়। গত সপ্তাহের পুঁজিবাজার সম্পর্কে ডিএসই সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত সপ্তাহে বাজার অস্থিরতামুক্ত ছিল।” বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুঁজিবাজার একটা ভিত্তি পাচ্ছে বলে মনে হচ্ছে। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস অনেক ফিরেছে।” “বাজারের রেসপন্স ভালো। লেনদেন বাড়ছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও ভালো আচরণ করছে,” বলেন তিনি। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪৪টির এবং কমেছে ২২টির। গত এক বছর ধরে পুঁজিবাজারে দরপতন ও অস্থিরতার পর বাজার সংশ্লিষ্টদের নিয়ে গত ১৬ নভেম্বর বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে পুঁজিবাজারকে স্থিতিশীল ও ক্ষুদ্র বিনিয়োগকারীদেও ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য একটি প্যাকেজ ঘোষণার নির্দেশ দেন তিনি। এরপর ২৩ নভেম্বর পুঁজিবাজারের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এরপর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুঁজিবাজারে অস্থিরতা কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬১৮ ঘ.