ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার কেনার ঘোষণা দিলেন তিনটি কোম্পানির আরো তিন পরিচালক।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এক ঘোষণায় জানানো হয়, রূপালী ইন্সুরেন্সের পরিচালক কাজী মনিরুজ্জামান তার কোম্পানির ২০ হাজার শেয়ার কেনার আগ্রহ দেখিয়েছেন। তার হাতে ইতোমধ্যে ১ লাখ ৮৪ হাজার ৪৯৬টি শেয়ার রয়েছে।
জুট স্পিনিং মিলসের পরিচালক শাহিদা হোসেন ডিএসইকে জানিয়েছেন, তিনি আরো ৭০০ শেয়ার কিনতে চান। তার কাছে এখন কোম্পানির ১ হাজার ৮০০ শেয়ার রয়েছে।
এছাড়া তাকাফুল ইন্সুরেন্সের মো. মহিউদ্দিন ৫০ হাজার শেয়ার কিনবেন। বর্তমানে তার হাতে আছে ৬৫ হাজার ৮৭০টি শেয়ার।
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বাজারমূল্যে তারা এই শেয়ার কিনবেন বলে জানিয়েছে ডিএসই।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবেন।
ডিএসই ইতোমধ্যে জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে। আর উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পূরণ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৮৫৭ ঘ.
bdnews24