২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর নতুন প্রধান নির্বাহী মোশাররফ হোসেন

বিশ্ববিদ্যালয় শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেনকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয় শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেনকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মঙ্গলবার তার এ নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে। এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সপ্তাহে মোশাররফ হোসেনকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় ডিএসই পরিচালনা পর্ষদ। এরপর তা অনুমোদনের জন্য এসইসিতে পাঠানো হয়। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা শিগগিরই কাজে যোগ দেবেন বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জহুরুল আলম ভারপ্রাপ্ত হিসেবে বর্তমানে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মোশাররফ হোসেন আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রের সেন্ট জোনস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী মোশাররফ নিউইয়র্কের সোসাইটি অব সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টসেরও একজন সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/জেকে/১৭৫১ ঘ.