ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রথম ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র জিবিবি পাওয়ার লিমিটেডের প্রাথমিক শেয়ার বরাদ্দের আবেদন (আইপিও) গ্রহণের তারিখ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি বলে, “বিশেষ পরিস্থিতির কারণে আইপিও গ্রহণের তারিখ বাতিল করা হলো। নতুন তারিখ চূড়ান্ত হওয়া মাত্র সেটি জানানো হবে।”
প্রতিষ্ঠানটির আইপিও গ্রহণের সর্বশেষ নির্ধারিত তারিখ ছিল ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর। এর আগে ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির আইপিও গ্রহণের তারিখ নির্ধারিত ছিল।
প্রতিষ্ঠানটির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের প্রিমিয়াম ৩০ টাকাসহ মোট মূল্য ৪০ টাকা। এর ইস্যু ম্যানেজার হিসাবে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২১৪০ ঘ.
bdnews24