ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভূক্ত চার কোম্পানির উদ্যোক্তা-পরিচালক নিজেদের কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে তারা এই ঘোষণা দেন।
আল আরাফা ব্যাংকের ৬০ হাজার শেয়ার কিনবেন পরিচালক আবদুল মালেক মোল্লা। মেঘনা লাইফ ইন্সুরেন্সের ২৫ হাজার শেয়ার কিনবেন হাসিনা নিজাম। রূপালী ইন্সুরেন্সের ২০ হাজার শেয়ার কিনবেন কাজী মনিরুজ্জামান। উত্তরা ব্যাংকের ৬৫ হাজার শেয়ার কিনবেন শেখ আমানুল্লাহ।
এসব উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
এছাড়া এপেক্স ট্যানারির পরিচালক কাজী মনজুর এলাহী উপহার হিসাবে ২ লাখ ৩৩ হাজার ২৫০টি শেয়ার গ্রহণ করবেন। এর মধ্যে স্ত্রী নিলুফার মনজুরে কাছ থেকে ৯৪ হাজার ৫০টি শেয়ার ও কন্যা মনিজা মনজুর খসরুর কাছ থেকে ১ লাখ ৩৯ হাজার ২০০টি শেয়ার নেবেন।
মঙ্গলবার ৩টি ব্যাংকসহ ৬টি কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা পুঁজিবাজার থেকে তাদের কোম্পানির প্রায় ২৫ লাখ ৪৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।
২২ নভেম্বর জারি করা এক নির্দেশনায় উদ্যোক্তা পরিচালকদের তাদের কোম্পানির পরিশোধিত মূলধনের সম্মিলিতভাবে ৩০ শতাংশ ও এককভাবে ২ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা আরোপ করে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হালনাগাদ তালিকায় জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে।
উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কিনে ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৬১৭ ঘ.
bdnews24