ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা শেয়ার কেনায় পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরবে বলে মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
মঙ্গলবার সন্ধ্যায় ডিএসই পর্ষদ সভাশেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএসই’র পরিচালক ও সাবেক সভাপতি রকিবুর রহমান।
তিনি বলেন, “তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রায় তিন হাজার পরিচালকের মধ্যে দেড় হাজার পরিচালকের ব্যক্তিগতভাবে ধারণকৃত শেয়ার সংখ্যা দুই শতাংশের কম। এসব পরিচালক আইনের আওতায় থেকে অনৈতিক কাজ করেছেন।”
“তারা অনেক বেশি দামে শেয়ার বিক্রি করেছেন। তবে এখন শেয়ারের দাম অনেক কমেছে। এই মুহূর্তে তাদের উচিত এসইসির নির্দেশনা মেনে নিয়ে শেয়ার কেনা।”
রকিব বলেন, “তারা (উদ্যোক্তা, পরিচালকরা) শেয়ার কিনতে এগিয়ে এলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে, বাজার স্থিতিশীল হবে।”
“শেয়ারবিহীন কেউ কোনো কোম্পানির পরিচালক হতে পারবেন না,” বলেন তিনি।
পুঁজিবাজারে দরপতন ঠেকাতে গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এতে বলা হয়, পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং যার কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবেন।
৬ মাসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের সময় বেঁধে দেয় এসইসি।
এসইসির নির্দেশনা মেনে মঙ্গলবার তিনটি ব্যাংকসহ ছয়টি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা পুঁজিবাজার থেকে তাদের কোম্পানির প্রায় ২৫ লাখ ৪৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দেন।
এর আগে সোমবার দুটি কোম্পানির তিন জন উদ্যোক্তা পরিচালক ৪ লাখ ৩৫ হাজার এবং রোববার দুটি কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার বাজারমূল্যে কেনার ঘোষণা দেন।
এসব ঘোষণার পর মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
রকিবুর রহমান আরো বলেন, প্লেসমেন্টে বিনিয়োগকারীদের তিন হাজার কোটি টাকা আটকে আছে। এটা ঝুলিয়ে না রেখে এসইসিকে সংশ্লিষ্ট কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করতে হবে।
পুঁজিবাজারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের বিষয়ে খোন্দকার ইব্রাহিম খালেদের মন্তব্যের সমালোচনাও করেন রকিবুর রহমান।
তিনি বলেন, “পুঁজিবাজারের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের বিষয়ে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। যেহেতু উনি প্রধানমন্ত্রী, তাই যেকোনো বিষয়েই উনি কথা বলতে পারেন।”
“শেয়ারবাজারের ক্রান্তিকালে প্রধানমন্ত্রী এটা নিয়ে বৈঠক করেছেন। তার এই পদক্ষেপকে পূর্ণভাবে স্বাগত জানাচ্ছি আমরা। বিনিয়োগকারীরাও এ পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে।”
পুঁজিবাজারে অব্যাহত দরপতনের পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য এবং বাজারে স্থিতিশীলতা ফেরাতে একটি প্রণোদনা প্যাকেজ দেওয়ার নির্দেশ দেন।
সোমবার রাজধানীতে একটি সেমিনারে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ বলেন, “যেই দেশে পুঁজিবাজার ঠিক করতে প্রধানমন্ত্রীকে চার ঘণ্টা বৈঠক করতে হয়, এটা লজ্জাজনক। প্রধানমন্ত্রী এসইসিকে বাঁচাতে চেয়েছেন। কিন্তু বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্যে এসইসিকে তো ফায়ার (বরখাস্ত) করা উচিত।”
গত বছরের শেষ দিকে পুঁজিবাজারে অস্থিরতা দেখা দিলে এই বছরের শুরুতে ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি কমিটি করে সরকার। ওই কমিটি কারসাজি হয়েছে মনে করে সে বিষয়ে আরো অনুসন্ধানের সুপারিশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/পিডি/২১৫১ ঘ.
bdnews24