২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমিলের অভিযোগে বাজেয়াপ্ত ডন সিকিউরিটিজ

গ্রাহকদের শেয়ার ও টাকা নিয়ে গড়মিলের অভিযোগে ডন সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকদের শেয়ার ও টাকা নিয়ে গড়মিলের অভিযোগে ডন সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ডিএসই এখন প্রতিষ্ঠানটির লাইসেন্স বিক্রি করে গ্রাহকদের বকেয়া টাকা পরিশোধ করবে। প্রতিষ্ঠানটির কাছে গ্রাহকদের ৫ কোটি ৫৫ লাখ টাকা বকেয়া রয়েছে। তিনদিনের মধ্যে এই নির্দেশ বাস্তবায়নের জন্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে এই সংক্রান্ত নির্দেশনা ডিএসই প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছেছে বলে জানিয়েছে জনসংযোগ বিভাগ। গ্রাহকদের সাড়ে ৯ কোটি টাকা গড়মিলের অভিযোগে ২০১০ সালের ১৯ জুলাই ডন সিকিউরিটিজের কার্যক্রম স্থগিত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর বিপরীতে প্রতিষ্ঠানটি হাইকোর্টে আবেদন করে। ২ আগষ্ট আদালত ডিএসইর আদেশটি স্থগিত করলে প্রতিষ্ঠানটি পুনরায় লেনদেন শুরু করে। কিন্তু ডিএসই আদেশের বিরুদ্ধে রিট করলে ৮ আগষ্ট আরেক আদেশে নির্দেশনাটি স্থগিত করে হাইকোর্ট। এরপর থেকে প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ ছিল। গত বছর গ্রাহকদের দেয়া ডন সিকিউরিটিজের বেশ কয়েকটি চেক ব্যাংক ফেরত দেয়। আবার এই প্রতিষ্ঠানের কয়েকজন গ্রাহক শেয়ার কেনার জন্যে টাকা দিলে, তাদের হিসাবে শেয়ার ও টাকা কোনটাই ছিল না। ডিএসইর একটি দল ২০১০ সালের মার্চের ১৬ তারিখ থেকে জুলাই ৬ তারিখ পর্যন্ত তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। তদন্ত দল সাড়ে ৯ কোটি টাকার গড়মিল দেখতে পায়। ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থগিত করে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার জন্যে প্রতিষ্ঠানটিকে ১৫ দিন সময় দেয়া হয়। কিন্তু এর মধ্যেও তারা কোনো ব্যবস্থা না নেয়ায় লাইসেন্স বিক্রির জন্যে এসইসির কাছে অনুরোধ করে ডিএসই। লাইসেন্স বিক্রি থেকে প্রাপ্ত টাকা দিয়ে গ্রাহকদের বর্তমান বকেয়া ৫ কোটি ৫৫ লাখ টাকা পরিশোধ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৮ সালে প্রতিষ্ঠানটি লাইসেন্স পায়। এর সদস্য নম্বর ১৪১। ২০০৫ ও ২০০৬ সালে একই ধরনে অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানের লাইসেন্স বিক্রি করা হয়। এগুলো হলো ক্যাপিটাল রোপস, জেআর ক্যাপিটাল কোম্পানি, এমআর কোম্পানি, টি মুশফি এন্ড কোম্পানি ও এসপিএম লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসআইটি/এসইউ/১৯২৪ ঘ.