২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কিনতে হবে দেড় হাজার পরিচালককে

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে। এদের মধ্যে ১ হাজার ৯২ জন পরিচালকের শেয়ার ১ শতাংশের কম। উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে উদ্যোক্তা, পরিচালকদের শেয়ার ধারণ সংক্রান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা এই ১ হাজার ৪৯১ জন পরিচালককে ছয় মাসের মধ্যে পুঁজিবাজার থেকে শেয়ার কিনে শেয়ারের হার ২ শতাংশ করতে হবে। আর এই সময়ের মধ্যেই ৩৮টি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার সম্মিলিতভাবে ৩০ শতাংশে ওঠাতে শেয়ার কিনতে হবে। ডিএসইর উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানিয়েছেন তালিকাভূক্ত কোম্পানিগুলোর মধ্যে ১৪টি কোম্পানি উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণের তথ্য জমা দেয়নি এবং ১৯টি কোম্পানির জমা দেওয়া তথ্যে ভুল রয়েছে। তাই এই ৩৩টি কোম্পানিকে এ তালিকার বাইরে রাখা হয়েছে। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এ ছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যুনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং যার কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এসইউ/১৬১৭ ঘ.