২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কিনতে শুরু করেছেন তালিকাভূক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কিনতে শুরু করেছেন তালিকাভূক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা। মঙ্গলবার ৩টি ব্যাংকসহ ৬টি কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা পুঁজিবাজার থেকে তাদের কোম্পানির প্রায় ২৫ লাখ ৪৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসই ওয়েবসাইটে শেয়ার কেনার ঘোষণা দেওয়া উদ্যোক্তা পরিচালকেরা হলেন, উত্তরা ব্যাংকের বদরুন্নেসা ইসলাম (৬৫ হাজার শেয়ার), সিটি ব্যাংকের ইভানা ফাহমিদা (৩ লাখ), আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়াজ আহমেদ (১৪ লাখ), পিপলস ইন্স্যুরেন্সের মো. আলী হোসেন (৭ লাখ ১৫ হাজার ৯৫৪), তাকাফুল ইন্সুরেন্সের মো. মহিউদ্দিন (৫০ হাজার) এবং অগ্রনী ইন্স্যুরেন্সের আব্দুল কাদের খান (১৪ হাজার)। এসব উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। এর আগে সোমবার দুটি কোম্পানির ৩ জন উদ্যোক্তা পরিচালক ৪ লাখ ৩৫ হাজার এবং রোববার দুটি কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক পুঁজিবাজার থেকে তাদের কোম্পানির ১০ লাখ শেয়ার বাজারমূল্যে কেনার ঘোষণা দিয়েছেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় জানানো হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যুনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হালনাগাদ তালিকায় জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে। উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি। এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬৫০ ঘ.