ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করতে সুপারিশমালা তৈরী করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পুঁজিবাজার বিষয়ক স্থায়ী কমিটি।
বুধবার বিকালে মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে বৈঠক শেষে কমিটির সভাপতি ও ডিএসই পরিচালক রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, “কিভাবে পুঁজিবাজার স্থিতিশীল করা যায় সে বিষয়ে আজ কমিটিতে আলোচনা হয়েছে।”
তিনি জানান, এই কমিটিতে এফবিসিসিআই পরিচালক, ডিএসই পরিচালক পর্ষদের সদস্য, বিভিন্ন কমিটির কো চেয়ারম্যান ও বিনিয়োগকারীরা রয়েছেন। সরকার ও এসইসির প্রস্তাবগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
রকিবুর রহমান বলেন, “বৈঠকে অনেকগুলো ভালো প্রস্তাব তৈরী করা হয়েছে, যা দুই-এক দিনের মধ্যে এফবিসিসিআইতে জমা দেয়া হবে। এসব সুপারিশ পর্যালোচনার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।”
সরকারের প্রণোদনাগুলো বাস্তবায়নে এসব সুপারিশ সরকার ও সংশ্লিষ্ট মহলে পাঠানো হবে বলে তিনি জানান।
উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনা, তাদের শেয়ার ব্লক মার্কেটে কেনাবেচার নিয়ম করা, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেয়া ইত্যাদি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
বৈঠকে বিনিয়োগকারীদের তিনটি সংগঠন আলাদাভাবে বেশ কিছু প্রস্তাব দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফএস/এসইউ/১৯১৪ ঘ.
bdnews24