২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে ‘ইতিবাচক ধারার’ প্রত্যাশা

আগের দিনের দরপতনের পর বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 05:47 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের দরপতনের পর বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। টানা প্রায় এক বছর ধরে অস্থিরতার পর আগামীতে পুঁজিবাজারে ‘ইতিবাচক ধারা’ আসবে বলেও প্রত্যাশা করছেন বাজার সংশ্লিষ্টরা। বুধবার ডিএসই সাধারণ সূচক ১১৩ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ২৬৮ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪০টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দাম। লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৩৪ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে প্রায় ৬৪ কোটি টাকা বেশি। পুঁজিবাজারের বুধবারের প্রবণতা নিয়ে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এল আর গ্লোবাল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ বাজারে অস্বাভাবিক কিছু হয়নি। আমি মনে করি এসইসির নেওয়া পদক্ষেপগুলো সুচিন্তিত। দীর্ঘমেয়াদে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে।” তিনি বলেন, “বাজার কিছুটা ঘুরলেই মার্জিন ঋণের নেতিবাচক ইক্যুইটির পোর্টফোলিও থেকে শেয়ার বিক্রি করে দিচ্ছে শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো। এজন্য পুঁজিবাজার বর্তমানে দুর্বল। নেতিবাচক ইক্যুইটি না কমা পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর এ প্রবণতা থাকবে।” তবে ভবিষ্যতে পুঁজিবাজারের গুনগত মান ও প্রবৃদ্ধি বাড়বে - এমন আশা করে রিয়াজ ইসলাম বলেন, “নতুন অর্থ প্রবাহ ও নতুন কোম্পানি বাজারে তালিকাভূক্তির মাধ্যমে বাজার ঘুরে দাঁড়াবে।” অভিহিত মূল্য পরিবর্তনের জন্য বৃহস্পতিবার ১৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন বন্ধ থাকবে। তাই সোমবার থেকে এসব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। স্পটে মার্কেটে থাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড নগদ টাকায় লেনদেন করতে হয়। পুৃঁজিবাজারে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড স্পটে থাকার পরও বুধবারের লেনদেন নিয়ে আশাবাদী বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লেনদেন না বেড়ে এখন উপায় নেই। বাজারে বিনিয়োগের জন্য যে সুযোগ করে দেওয়া হয়েছে তাতে ফান্ড আসবেই। যারা নেতিবাচক ভূমিকা পালন করছে তারাও বাজার থামাতে পারবে না।” হাফিজ বলেন, “আমার মনে হয়, পুঁজিবাজারের জন্য ভালো দিন আসছে। বাজারের প্রকৃতি দেখে মনে হচ্ছে নতুন অর্থ ঢুকছে। একই সঙ্গে অনেক নতুন কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে। পুঁজিবাজারে এখন স্বাভাবিক প্রবৃদ্ধি ও স্বাভাবিক মূল্য সংশোধন হবে।” মঙ্গলবার ডিএসই সাধারণ সূচক ৭০ পয়েন্ট কমে ৫ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়ায়। সোমবার বাড়ে ১৬০ পয়েন্ট এবং তার আগের দিন কমে ৩০৮ পয়েন্ট। বুধবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- ফু ওয়াং সিরামিকস, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আফতাব অটোমোবাইলস, মার্কেন্টাইল ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। দাম বাড়ার শীর্ষে ছিল-আফতাব অটোমোবাইলস, অ্যাম্বি ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইসলামি ইন্সুরেন্স, আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন হাউজিং, জনতা ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও ডেল্টা স্পিনিং। দাম কমার শীর্ষে ছিল- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আল-হাজ টেক্সটাইল, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ১, শ্যামপুর সুগার, কোহিনুর কেমিক্যাল, আরামিট সিমেন্ট, রিলায়েন্স ইন্সুরেন্স, আজিজ পাইপস, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড ও সমতা লেদার। টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর গত ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে। এর ধারাবাহিকতায় পুজিবাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা এসইসি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮৪২ ঘ.