ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিহিত মূল্য পরিবর্তনের তারিখ নির্ধারণ থাকায় বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন বন্ধ থাকবে।
তবে ওইদিন ১০ টাকা অভিহিত মূল্যের ১৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হবে।
ডিএসই জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য একই দিনে ১০ টাকা করতে গত ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এসইসির আদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের অভিহিত মূল্য পরিবর্তনের জন্য ১ ডিসেম্বর অভিন্ন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে দেশের পুঁজিবাজারে সব প্রতিষ্ঠান শেয়ার ও মিউচুয়াল ফান্ড ১০ টাকা অভিহিত মূল্যে লেনদেন হবে।
বর্তমানে ডিএসইতে মোট তালিকাভূক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সংখ্যা ২৭২টি। এরমধ্যে ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানি ও মিউচুয়াল ফান্ড রয়েছে ১৩৪টি।
এসইসির নির্দেশ মেনে বাকি ১২৪টি কোম্পানির শেয়ার ও ১৪টি মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য পরিবর্তন করে ১০ টাকা করতে হচ্ছে।
সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করা শুরু হয় ২০১০ সালে। যখন যে কোম্পানি অভিহিত মূল্য পরিবর্তনের খবর দেয় তখন ওই কোম্পানির শেয়ারের মূল্য বাড়তে দেখা গেছে।
২০১০ সালে পুঁজিবাজার ফুলে ফেঁপে ওঠার কারণ হিসেবে ভিন্ন ভিন্ন তারিখে অভিহিত মূল্য বদলানোর বিষয়টিকেও দায়ী করেন অনেকে। এসইসি তাই অভিন্ন তারিখে সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য পরিবর্তনের রেকর্ড তারিখ নির্ধারণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬২৭ ঘ.
bdnews24