২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এসইসির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন প্রয়োজন’

কোম্পানির পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করার বিষয়ে এসইসি যে সিদ্ধান্ত নিয়েছে- তা বাস্তবায়ন থেকে পিছিয়ে এলে পুঁজিবাজারের জন্য ‘মহা বিপর্যয়’ নেমে আসবে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোম্পানির পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করার বিষয়ে এসইসি যে সিদ্ধান্ত নিয়েছে- তা বাস্তবায়ন থেকে পিছিয়ে এলে পুঁজিবাজারের জন্য ‘মহা বিপর্যয়’ নেমে আসবে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান। কোনো ‘প্রভাবশালী মহল’ -এর চাপে ‘নতি স্বীকার’ না করে এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা আরোপ করে এসইসি। যাদের কাছে এর কম শেয়ার আছে, তাদের আগামী ৬ মাসের মধ্যে তা ৩০ শতাংশে উন্নীত করার কথাও বলা হয়। এসইসি সভায় আরও সিদ্ধান্ত হয়, কোনো কোম্পানির ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর ছাড়া প্রত্যেক পরিচালককে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের নূন্যতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। আর কোনো পরিচালক ২ শতাংশ শেয়ার না রাখতে পারলে তার জায়গায় কোম্পানির ৫ শতাংশ বা এর বেশি শেয়ার রাখা যে কোনো ব্যাক্তি পরবর্তী বার্ষিক সাধারণ সভায় পরিচালক নির্বাচিত হতে পারবেন। এসইসি সিদ্ধান্ত নেওয়ার আগের দিন এসব বিষয় বাস্তবায়নের জন্য ডিএসই থেকে একটি সুপারিশ পাঠানো হয়। তবে সোমবার পর্যন্ত এ সিদ্ধান্তগুলো সম্পর্কে গেজেট প্রকাশ করেনি এসইসি। ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান বলেন, “কোনো প্রভাবশালী মহলের চাপে নতি স্বীকার না করে এসইসির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। আর এ সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে বাজারের জন্য মহা বিপর্যয় নেমে আসবে বলে আমার মনে হয়।” “গত ৫ থেকে ৬ বছর ধরে কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা ঊর্ধ্বমুখী বাজারে চড়া দামে বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করেছেন। আর এ জন্য তারা রাইট ও বোনাস শেয়ার ইস্যু করে কোম্পানির শেয়ার সংখ্যা বাড়িয়েছেন। আর অল্প কিছু শেয়ার হাতে রেখে অনেকেই পরিচালক হয়ে বসে আছেন। এটা হতে পারে না।” রকিবুর বলেন, “ওইসব শেয়ার বিক্রির চাপে এখন বাজারে দুরবস্থা চলছে। তাই উদ্যোক্তা পরিচালকদের এখন বাজার থেকে শেয়ার কিনতে হবে।” এদিকে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের এক নেতা বলেন, “এসইসির গেজেট প্রকাশ হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৫৩১ঘ.