২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

পুঁজিবাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর গত সপ্তাহে এর আগের সপ্তাহের তুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে দুইগুণেরও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর গত সপ্তাহে এর আগের সপ্তাহের তুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে দ্বিগুণেরও বেশি। বেড়েছে সাধারণ সূচকও। লেনদেন বাড়ার বিষয়টি পুঁজিবাজারের জন্য ইতিবাচক মন্তব্য করে সংশ্লিষ্টরা আরো লেনদেন বাড়ার আশা প্রকাশ করে বলেছেন, এতে বাজারে স্থিতিশীলতা আসবে। গত সপ্তাহে ৫ কার্যদিবসে (২০ থেকে ২৪ নভেম্বর) ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৩ হাজার ৩৮০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৪৮২ কোটি টাকার। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে প্রায় ৬৭৬ কোটি টাকা। যা এর আগের সপ্তাহে ছিল প্রায় ২৯৫ কোটি টাকা। ডিএসই জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে বলে মনে হচ্ছে।” চলতি সপ্তাহে বাজার আরো ভালো হবে এমন আশা প্রকাশ করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ। তিনি বলেন, “পুঁজিবাজারের জন্য ঘোষিত প্যাকেজে কত বড় সুযোগ দেওয়া হয়েছে তা অনেকেই বুঝতে পারেননি। প্যাকেজ নিয়ে অনেকেই এখনো স্টাডি করছেন। তাই গতদিন (বৃহস্পতিবার) লেনদেন একটু কমেছে। তবে চলতি সপ্তাহে বাজারে অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করছি।” আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে হাতবদল হওয়া শেয়ারের সংখ্যা বেড়েছে ৯৮ শতাংশ। গত সপ্তাহে হাতবদল হয়েছে প্রায় ৪৭ কোটি ৪৫ লাখ শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা তার আগের সপ্তাহে ছিল প্রায় ২৩ কোটি ৯৭ লাখ। গত কয়েক মাসের অব্যাহত দরপতনে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড থেকে নানা ধরণের পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এরপরও বাজারের পতন ঠেকানো যায়নি। গত ১৫ নভেম্বর ডিএসই সাধারণ সূচক কমে ৪ হাজার ৬৪৯ পয়েন্টে নেমে আসে। এরপর পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে ১৬ নভেম্বর জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে পুঁজিবাজার স্থিতিশীল করতে একটি প্যাকেজ তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাজার সংশ্লিষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক ও প্যাকেজ ঘোষণার খবরে টানা ৫ কার্যদিবসে ডিএসই সাধারণ সূচক বাড়ে প্রায় ৯৪৭ পয়েন্ট। এরপর গত বুধবার পুঁজিবাজার স্থিতিশীল করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে ৬ মাসের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বিত একটি প্যাকেজ ঘোষণা করে এসইসি। প্যাকেজে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য নানা ধরণের সুযোগের ঘোষণা দেওয়া হয়। ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর বৈঠকের দিন থেকেই লেনদেন ও সূচক দুটোই বাড়তে থাকে। ওই দিন লেনদেন হয় ২৮৫ কোটি টাকার শেয়ারের। এরপর পাঁচ কার্যদিবসের মাথায় তা বেড়ে এক হাজার কোটি ছাড়িয়ে যায়। প্যাকেজ ঘোষণার দিন বুধবার ডিএসই সাধারণ সূচক কমে ২২৪ পয়েন্ট। তবে ওইদিন ১ হাজার ৫১ কোটি টাকার লেনদেন হয় গত প্রায় সাড়ে তিনমাসের মধ্যে সর্বোচ্চ। আহসানুল ইসলাম বলেন, “প্রণোদনা প্যাকেজে যে সব বিষয় ঘোষণা করা হয়েছে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে বাজারে ইতিবাচক ধারায় থাকবে।” মোহাম্মদ এ. হাফিজ বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং সমন্বিত পদক্ষেপের ফলে বাজারে আস্থা ফিরতে শুরু করেছে। এ কারণে লেনদেনও বাড়ছে। এদিকে পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংক ও মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দিতে এসইসি প্রণোদনা প্যাকেজের চারটি বিষয়ে গত বৃহস্পতিবার পরিপত্র জারি করে বাংলাদেশ ব্যাংক। প্যাকেজ বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারের বিষয়ে ডিএসই জ্যেষ্ঠ সহ-সভাপতি বলেন, “শুরুটা ভালোই হয়েছে।” তবে বাজার বৃদ্ধির ধারায় থাকলে চাহিদা ও সরবরাহ সমন্বয়নের জন্য শেয়ারের যোগান বাড়ানোর বিষয়ে সরকারকে তৎপর থাকতে পরামর্শ দিয়েছে মার্চেন্ট ব্যাংকারদের নেতা মোহাম্মদ এ হাফিজ। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২০৬ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ৩৭৩ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ২০০টির, কমেছে ৬১টির ও অপরিবর্তিত রয়েছে ৫টির দাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯০০ঘ.