ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজার স্থিতিশীল করতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পরদিনই লেনদেন কমে গেছে ঢাকার পুঁজিবাজারে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিনিয়োগে অপেক্ষা করায় এমনটি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে বাজারে এর প্রভাব পড়তেও কিছুটা সময় লাগবে বলে অভিমত জানান তারা।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৫৩০ কোটি টাকার শেয়ার, যা গতদিনের লেনদেনের অর্ধেক। বুধবার হাতবদল হয়েছিল ১ হাজার ৫১ কোটি টাকার শেয়ার।
ডিএসই সভাপতি শাকিল রিজভী বলেন “সাধারণ বিনিয়োগকারীরা হয়ত প্যাকেজের বিষয়টি ভালোভাবে বুঝতে পারেননি। তবে আমি আশা করি, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বুঝতে পারেছেন এবং তারা বিনিয়োগ নিয়ে এগিয়ে আসবেন।”
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, “সাধারণ বিনিয়োগকারীরা বাজার দেখছেন এবং অপেক্ষা করছেন।”
তিনি বলেন, “বাজারে এখন যে পিই আছে তা বিনিয়োগের জন্য খুবই ভাল, আমাদের হিসাব অনুযায়ী, স্পন্সর-ডিরেক্টরদের ৩০% শেয়ার হোল্ডিং করতে হলে আরো দশ হাজার কোটি টাকা আগামী ৬ মাসের মধ্যে বাজারে আসবে।”
বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে সাধারণ সূচক প্রায় ৮৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকে ওঠানামা চলতে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৩ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম বলেন, ভালো ঘোষণার আশায় যারা শেয়ার ধরে রেখেছিলেন, তারা বিক্রি করে লাভ তুলে নেয়ায় বুধবার সূচক কমেছে এবং বৃহস্পতিবার সামান্য বেড়েছে। তবে দীর্ঘমেয়াদী ও বিনিয়োগবান্ধব প্রণোদনার কারণে বাজারে শীগগিরই স্থিতিশীলতা আসবে বলে মনে করেন তিনি।
আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী বাজার নিয়ে বৈঠক করার দিন থেকে সূচকে এক হাজার পয়েন্ট যোগ হয়েছে। বিনিয়োগকারীরা একটি ভালো বার্তা পেয়েছেন।”
প্রণোদনা প্যাকেজ প্রসঙ্গে তিনি বলেন, “পদক্ষেপগুলো দীর্ঘমেয়াদী একটি স্থিতিশীল বাজারের জন্যে সঠিক হয়েছে। তবে বিনিয়োগকারীদের আশা হয়তো আরো বেশি ছিল। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়টি দুই মাস ঝুলে গিয়েছে। যা অনেকের হতাশার কারণ হয়েছে। এ কারণে যারা লাভে ছিলেন, আজ শেয়ার বিক্রি করায় সূচক সামান্য বেড়েছে।”
তিনি যোগ করেন, “সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বাজার ভালো করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুতরাং এক্ষেত্রে আবার বড় ধরণের পতনের কোনো সম্ভাবনা নেই। বরং বাজার এখান থেকেই আস্তে আস্তে স্থিতিশীল হয়ে আসবে।”
তবে তার সাথে কিছুটা ভিন্নমত পোষণ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতি মৈত্র। তার মতে প্রণোদনাগুলোর প্রভাব বাজারে ফেলতে সময় লাগবে।
সতীপতি মৈত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের ঘোষিত প্রণোদনাগুলোর প্রভাব বাজারে পড়তে একটু সময় লাগবে। এগুলো বুঝে ওঠার বিষয় রয়েছে। অনেক বিষয় ঘোষিত হয়েছে, কিন্তু এখনও কার্যকর হয়নি। এসব প্রণোদনায় বাজারে তারল্য আসতেও সময় লাগবে। সুতরাং ঘোষণার সাথে সাথে বাজার ফুলে ফেঁপে উঠার কারণ নেই।”
তিনি মন্তব্য করেন, পাঁচদিন ধরে যেভাবে বাজার উঠেছে, তাতে দুই-একদিন বাজার পড়তে পারে। দুদিন উঠবে, আবার নামবে, এটাই তো বাজারের স্বাভাবিকতা।
লেনদেন কিছুটা কমে যাওয়া প্রসঙ্গে ডিএসইর এই সাবেক নির্বাহী বলেন, “লেনদেন দিয়ে বাংলাদেশের বাজারের ভালো মন্দ বলা যাবে না। প্রতিদিন বাজারে এক হাজার কোটি টাকার লেনদেন হবে, এটাও আশা করা যাবে না। মনে রাখতে হবে, ২০০৭ সালের প্রথমেই কিন্তু এই বাজারে প্রতিদিন ১০০ কোটি টাকার লেনদেন হতো। সেটা মাত্র ২ বছরের মাথায় ৩২০০ কোটি টাকা হয়েছে। সেটা অস্বাভাবিক ছিল বলেই এরকম পতনের মতো ঘটনা ঘটেছে।”
তিনি বলেন, “তখন ব্যাংকগুলোর কাছে প্রচুর অলস অর্থ ছিল। মানি মার্কেটের টাকা শেয়ার মার্কেটে চলে এসেছে। তাই বাজার হঠাৎ করে ফুলে ফেঁপে গেছে। সে রকম অতিবৃদ্ধির কোনো ঘটনা আশা করা ঠিক না। প্রতিদিন ৫০০ কোটি টাকার লেনদেন হওয়াটা এই বাজারের জন্যে ঠিক আছে।”
বৃহস্পতিবার হাতবদল হওয়া মিউচুয়াল ফান্ড ও শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৫৫টির। বদলায়নি ৫টির দর।
লেনদেনে ব্যাংকিং খাতের আধিক্য ছিল। এই খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টি বাদে সবগুলোর শেয়ারের দাম বেড়েছে।
ব্যাংকসহ সবগুলো খাতে যেসব প্রতিষ্ঠানের উদ্যোক্তা বা পরিচালকদের শেয়ার মালিকানা ৩০ শতাংশের কম রয়েছে, সেসব প্রতিষ্ঠানের শেয়ারের প্রতি ক্রেতাদের ঝোক বেশী ছিল। এ রকম বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বৃহস্পতিবার বেড়েছে।
বুধবার পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও বিদেশি বিনিয়োগ আরো বাড়ানোর সুযোগ করে করে দিয়ে প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এক সপ্তাহ ধরে সরকারের বিভিন্ন সংস্থা ও পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর এ প্যাকেজ ঘোষণা করেন এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের ক্ষতি মেটানোর উপায় বের করতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যাবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর গত ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে। এরই ধারাবাহিকতায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়।
মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা আরোপ করে এসইসি।
সোমবার এনবিআর এক ব্যাখ্যায় জানায়, পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগ করলে কোনো প্রশ্ন তোলা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসআইটি/এসইউ/১৯১৩ঘ.
bdnews24