২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই প্রণোদনা সাময়িক সুফল দেবে: মির্জ্জা আজিজ

পুঁজিবাজার স্থিতিশীল করতে এসইসির প্রণোদনা প্যাকেজ সাময়িকভাবে পুঁজিবাজারের জন্যে সহায়ক হবে বলে মনে করেন সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করতে এসইসির প্রণোদনা প্যাকেজ সাময়িকভাবে পুঁজিবাজারের জন্যে সহায়ক হবে বলে মনে করেন সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাময়িকভাবে এসব পদক্ষেপ পুঁজিবাজারের জন্যে সহায়ক হবে। তবে দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতের জন্যে এটি নেতিবাচক হয়ে উঠতে পারে। এটা বিবেচনায় রাখতে হবে, এসব পদক্ষেপে ব্যাংকগুলোর মুনাফায় কোনো সমস্যা তৈরী করবে কিনা? সামনেই ব্যাংকগুলোর বছর শেষ হবে। এক্ষেত্রে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়লে তা মুনাফায় প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদে এসব পদক্ষেপ ব্যাংকের জন্যে ভালো নাও হতে পারে।” বুধবার বিকালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে এক সংবাদ সম্মেলনে প্রণোদনা প্যাকেজের ঘোঘণা দেন এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের ক্ষতি মেটানোর উপায় বের করতে আইসিবি ব্যাবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে এসইসি। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় ২০১২ সালের ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০১৩ সালের ডিসেম্বর করা হয়েছে। এসইসির সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, “শুধু ব্যাংকের বিনিয়োগ বাড়ানো হলেই বাজারের স্থিতিশীলতা বাড়বে না, ডিমান্ড ও সাপ্লাই অংশের সমন্বয় করতে হবে। তাহলেই বাজার স্থিতিশীল হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৮৪১ঘ.