ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের ক্ষতি মেটানোর উপায় বের করতে আইসিবি ব্যাবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে এসইসি।
পুঁজিবাজার স্থিতিশীল রাখতে প্রণোদনা প্যাকেজের ঘোঘণায় এ কমিটি গঠন ছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে বিনিয়োগে একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার বিকালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান এম খায়রুল হোসেন এই ঘোষণা দেন। এ সময় তার সাথে কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘোষণায় পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ ও বিদেশি বিনিয়োগে বিশেষ ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব মূলধন সংগ্রহেরও সুযোগ রাখা হয়েছে।
টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠকের ধারাবাহিকতায় প্যাকেজের এই ঘোষণা এল।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্যে ক্ষতিপূরণ
এসইসি চেয়ারম্যান বলেন, “শেয়ারবাজারে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের স্বার্থ রক্ষায় বিশেষ স্কিম নেয়া হয়েছে।”
তিনি জানান, ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও ক্ষতি মেটাতে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুই মাসের মধ্যে বিনিয়োগকারীদের ক্ষতি কিভাবে ও কোন প্রক্রিয়ায় পোষানো যায়, সে বিষয়ে সুপারিশ দেবে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও এসইসির একজন করে প্রতিনিধি, সিডিবিএল -এর সিইও এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি কমিটির সদস্য হিসাবে থাকবেন।
এম খায়রুল হোসেন বলেন, “আমরা কিছু স্বল্পমেয়দী পদক্ষেপ নিয়েছি যা এখনি বাস্তবায়ন করা হবে।”
প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সমন্বিত আলোচনার মাধ্যমে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে অচিরেই পুঁজিবাজার স্থিতিশীল হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ
প্যাকেজ ঘোষণায় বলা হয়, সাবসিডিয়ারি কোম্পানির অনুকূলে দেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মূলধন এক্সপোজার টু ক্যাপিটাল হিসাবে গণ্য হবে না।
কোনো কোম্পানির শেয়ারে ব্যাংকের দীর্ঘমেয়াদী ইক্যুইটি ইনভেস্টমেন্ট ঐ ব্যাংকের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার হিসাবে গণ্য হবে না।
ব্যাংকের বিনিয়োগে উদ্ভুত কোনো ক্ষতির জন্যে প্রভিশন সংরক্ষণের ক্ষেত্রে গেইন/লস নেট অফ করে প্রভিশন সংরক্ষণ করা যাবে।
ঘোষণায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে বিনিয়োগে একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগ আরো বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে বলে এসইসি চেয়ারম্যান জানান।
বীমা প্রতিষ্ঠান
জীবনবীমা ও সাধারণ বীমার তহবিলের টাকা অতিসত্বর পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তাদের এই টাকা পুঁজিবাজার বিকাশে সহায়তা করবে বলে তারা আশা করছেন।
মার্চেন্ট ব্যাংক
এসইসি চেয়ারম্যান বলেন, “এতদিন পর্যন্ত মার্চেন্ট ব্যাংকগুলো তাদের মুলধন মুল প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করত। কিন্তু এখন থেকে মুল প্রতিষ্ঠান ৫১ ভাগ পর্যন্ত যোগান দেবে। বাকি ৪৯ ভাগ তারা বাইরে থেকে সংগ্রহ করতে পারবে।
বিদেশি ও প্রবাসী বিনিয়োগ
বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিদেশি ব্রোকারেজ ফার্মকে প্রদেয় কমিশন, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে দ্রুত পাঠানোর অনুমতি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশি প্রাতিষ্ঠানিক এবং অনিবাসী বাংলাদেশীদের পুঁজিবাজারে বিনিয়োগ থেকে অর্জিত লাভের উপর আরোপিত ১০ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে।
মধ্যমেয়াদী পদক্ষেপ হিসাবে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর জন্যে ইনভেস্টমেন্ট এ্যাডভাইজারি সার্ভিস উন্মুক্ত করা হয়েছে। এছাড়া ইক্যুইটি রিসোর্স উন্মুক্ত করা হয়েছে।
টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে।
বাজার সংশি¬ষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের ধারাবাহিকতায় ২০ নভেম্বর বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বৈঠক শেষে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ‘প্রণোদনা প্যাকেজ’ ঘোষণার কথা বলা হয়।
এর দুদিন পরে মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসির বৈঠক শেষে জানানো হয়, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ‘প্রণোদনা প্যাকেজ’ বুধবার বিকেলে ঘোষণা করা হবে।
একই সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ শেয়ার রাখা বাধ্যতামূলক করে এসইসি।
এর আগে সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এক ব্যাখ্যায় জানায়, পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগ করলে কোনো প্রশ্ন তোলা হবে না।
দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর পুঁজিবাজার সংশি¬ষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের খবরে সেদিন থেকেই লেনদেনে ইতিবাচক ধারা দেখা দেয়। প্রণোদনার উদ্যোগে প্রায় তিনমাস পরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসআইটি/এসইউ/১৭৪৬ঘ.
bdnews24