২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্যোক্তাদের ৩০% শেয়ার রাখা বাধ্যতামূলক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ শেয়ার রাখা বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ শেয়ার রাখা বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি। শেয়ার বাজারে স্থিতিশীলতা আনতে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ বিষয়ে প্রস্তাব আনার পরদিনই এ সিদ্ধান্ত নিল সংস্থাটি। মঙ্গলবার দুপুরে কমিশনের বৈঠকের পর এসইসির মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, “সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ অনুযায়ী এ শর্ত আরোপ করা হয়েছে।” তিনি জানান, তালিকাভুক্ত প্রতিটি কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার রাখতে হবে। যাদের কাছে এর কম শেয়ার আছে, তাদের আগামী ৬ মাসের মধ্যে তা ৩০ শতাংশে উন্নীত করতে হবে। তিনি বলেন, “যতদিন পর্যন্ত ৩০ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালকরা ধারণ করতে পারবে না, ততদিন পর্যন্ত তারা কোম্পানির শেয়ার বিক্রি ও হস্তান্তর করতে পারবে না। ভবিষ্যতে প্রাপ্য বোনাস শেয়ারও হস্তান্তর ও বিক্রি করা যাবে না।” উদ্যোক্তা-পরিচালকরা ৩০ শতাংশ শেয়ার ধারণ না করা পর্যন্ত রাইট শেয়ার ও রিপিট পাবলিক অফার (আরপিও) ইস্যু করে মূলধন বাড়াতে পারবে না বলে তিনি জানান। সভায় আরও সিদ্ধান্ত হয়, কোনো কোম্পানির ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর ছাড়া প্রত্যেক পরিচালককে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের নূন্যতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। আর কোনো পরিচালক ২ শতাংশ শেয়ার না রাখতে পারলে তার জায়গায় কোম্পানির ৫ শতাংশ বা এর বেশি শেয়ার রাখা যে কোনো ব্যাক্তি পরবর্তী বার্ষিক সাধারণ সভায় পরিচালক নির্বাচিত হতে পারবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে পাঠানো প্রস্তাবের ভিত্তিতে এসইসি এসব সিদ্ধান্ত নিয়েছে কিনা প্রশ্ন করলে সাইফুর বলেন, “তার আলোকে নয়, আমরা আগে থেকেই এ বিষয়টি নিয়ে কাজ করছিলাম।” মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। সাইফুর জানান, কয়েকদিনের মধ্যেই এসইসির এই সিদ্ধান্তগুলো ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। এ ছাড়া পুঁজিবাজারে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘প্রণোদনা প্যাকেজ’-এর ঘোষণা বুধবার বিকেলেই দেওয়া হবে বলে তিনি জানান। দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর পুজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের খবরে বুধবার থেকেই পুঁজিবাজারের ইতিবাচক ধারা দেখা দেয়। বুধবার রাতে পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে। বাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের ধারাবাহিকতায় রোববার বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বৈঠক শেষে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ‘প্রণোদনা প্যাকেজ’ ঘোষণার করা বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসইউ/জেকে/১৮০৫ ঘ. এ সম্পর্কিত আরো খবর ক্স যে সব কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার ৩০ শতাংশের কম ক্স বাজার স্থিতিশীলে এসইসির পদক্ষেপগুলো