ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাজার নিয়ন্ত্রক সংস্থা- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
বুধবার দুপুরে সচিবালয়ে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠক থেকে বের হয়ে এসইসি প্রধান সাংবাদিকদের বলেন, "সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ে বৈঠক হবে। সে বৈঠকের বিষয়েই আমি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছিলাম।"
তিনি দাবি করেন, "বাজার স্থিতিশীল করতে গত ছয় মাসে আমরা যে সব উদ্যোগ নিয়েছি তা গত দশ বছরেও নেওয়া হয়নি। আমরা এ সব উদ্যোগ না নিলে বাজার কোথায় যেতো, তা কে জানে।"
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি কি পদক্ষেপ নেওয়া হবে- জানতে চাইলে খায়রুল হোসেন বলেন, "সেটা বৈঠকের পর ওখানেই জানতে পারবেন।"
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "পুঁজিবাজার একটি চলমান প্রক্রিয়া। বিশ্বের শেয়ারবাজারেও ধারাবাহিক পতন ঘটে। আমাদের সময় শুধু বাজার পড়েনি, বেড়েছেও। এক পর্যায়ে ডিএসই সাধারণ সূচক ৬ হাজার ৫০০ পয়েন্টে গিয়ে ঠেকেছিল।"
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমাদের শুধু দোষ ধরবেন না। ভালো কাজের প্রশংসাও করা উচিৎ। যদি অ্যাপ্রিশিয়েট করা না হয় তাহলে ভালো লোক এ পদে থাকবে না।"
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিক্ষোভকারী ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো প্রতিনিধি থাকবে কিনা জানতে চাইলে নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, "ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার আমার সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দিয়েছে। সেই স্মারকলিপিতে তারা যে সব দাবির কথা বলেছে, সেগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করব।"
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসইসি চেয়ারম্যানের হাতে 'পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের করণীয়' শীর্ষক একটি কাগজ দেখা যায়। তবে শিরোনামের নীচে কাগজটিতে কি লেখা আছে তা পড়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৭০০ ঘ.
bdnews24