২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রধানমন্ত্রী বৈঠক ডাকায় সূচক ঊর্ধ্বমুখী '

টানা তিন দিন দরপতনের পর বুধবার দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম। পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক ডাকার খবরে শেয়ারবাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন ডিএসই সভাপতি শাকিল রিজভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 07:44 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিন দিন দরপতনের পর বুধবার দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম। পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক ডাকার খবরে শেয়ারবাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন ডিএসই সভাপতি শাকিল রিজভী। সপ্তাহের প্রথম তিন দিনে সাধারণ সূচক ৫৫৯ পয়েন্ট কমার পর বুধবার প্রথম ৫ মিনিটেই তা এক লাফে বাড়ে ২৪২ পয়েন্ট। বেলা সাড়ে ১২টার দিকে সূচক ৩০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩৩৮ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৮ দশমিক ৫৬ পয়েন্ট দাঁড়িয়েছে। গতদিনের তুলনায় সূচক বেড়েছে ৭ দশমিক ২৭ শতাংশ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৫৩১ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ১৩৬ পয়েন্ট। এদিন দুই পুঁজিবাজারেই অনেক কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড দাম বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌঁছে বিক্রেতাশুন্য হয়ে যায়। টানা দরপতনের পর সূচকের বৃদ্ধির কারণ জানতে চাওয়া হলে ডিএসই সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক ডাকায় সবার মধ্যে একটা আশার সৃষ্টি হয়েছে। এ কারণেই বাজার বেড়েছে।" "বাজারের অব্যাহত দরপতনের পর প্রধানমন্ত্রীর বৈঠক ডাকায় বিনিয়োগকারীরা অনেকটা হালকা বোধ করছেন। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। আমি নিজেও খুব আশাবাদী," বলেন রিজভী। গত ডিসেম্বর-জানুয়ারি থেকে অব্যাহত দরপতনের ধারা থেকে পুঁজিবাজারকে টেনে তুলতে বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে গত বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ দেয় সরকার। এতে এক মাস চাঙ্গাভাব থাকলেও জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে বাজার আবার নিুমুখী হয়। গত মাসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হলেও তাতে বাজার পতন ঠেকানো যায়নি। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে মঙ্গলবার পর্যন্ত সাড়ে তিন মাসে ডিএসই সাধারণ সূচক কমে ২ হাজার পয়েন্টেরও বেশি। আর মঙ্গলবার পর্যন্ত ১৩ কার্যদিবসে সাধারণ সূচক প্রায় ১ হাজার ২৫০ পয়েন্ট। এরই পরিপ্রেক্ষিত বুধবার সন্ধায় পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪৫টির, কমেছে ১০টির। হাতবদল হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। এদিকে অন্যান্য দিনের মতো বুধবারও ডিএসই ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্টদের বৈঠকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছে তারা। পুলিশের সঙ্গে বৈঠক বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ও সহ-সভাপতি নজরুল ইসলাম ও সাজ্জাদুল ইসলাম পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেছেন। ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম বিডিনিউজ কে বলেন, "আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করতে এবং হয়রানি না করতে বলেছি।" তিনি জানান, তাদের দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। শহীদুল হক বলেন, "বিনিয়োগকারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়েছে। তাদের আন্দোলনের জন্য রাস্তা বন্ধ থাকছে এ নিয়ে কথা হয়েছে, তারা আমাদের এ ব্যাপারে আশ্বস্ত করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসইউ/১৭২২ ঘ.