ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ অব্যাহত রয়েছে বলে নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে জানিয়েছেন ব্যাংকগুলোর নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)।
বুধবার সকালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) এবিবি প্রতিনিধিদের সঙ্গে কমিশনের কর্মকর্তারা এ বৈঠক করেন।
বৈঠক শেষে এবিবি সভাপতি ও সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার সাংবাদিকদের বলেন, "৩০ টি ব্যাংকের নির্বাহীরা এসইসিকে জানিয়েছে, পুঁজিবাজারে এখন বিনিয়োগ উপযোগী অবস্থা রয়েছে। ব্যাংকগুলোর বিনিয়োগের সদিচ্ছা ও সর্বোচ্চ চেষ্টা রয়েছে বলে এসইসিকে আশ্বস্ত করা হয়েছে।"
"ব্যাংকগুলোর তারল্য সংকট রয়েছে, তারপরও আমরা প্রতিদিনই বিনিয়োগ করে যাচ্ছি। শেয়ার বিক্রি বন্ধ রেখে শুধু কিনে যাচ্ছি আমরা," বলেন তিনি।
তবে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়াতে এসইসিকে উদ্যোগ নেওয়ার জন্য কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান এবিবি সভাপতি।
মাহমুদ সাত্তার বলেন, "প্রতিটা ব্যাংকেরই তারল্য সংকট রয়েছে। কলমানির মাধ্যমে অর্থ ধার করে ব্যাংকগুলোকে কাজ চালাতে হচ্ছে। তাই চাইলেই বড় বিনিয়োগ করতে পারব না। এ সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সিআরআর, এসএলআর কমানোর বিষয়ে এসইসিকে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।"
তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে ব্যাংকগুলোকে কর সুবিধা দেওয়ার বিষয়ে এসইসিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে এসইসিকে দেওয়া পরামর্শের বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি মাহমুদ সাত্তার।
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, "বাজারে বিদেশি বিনিয়োগ আসা দরকার। এতে ফ্রেশ ফান্ড বাজারে আসবে। প্রতিটা ব্যাংকেরই নিজস্ব কিছু লিংক রয়েছে। এসইসি ও কেন্দ্রীয় ব্যাংক থেকে আশ্বাস দিলে এ বিষয়ে তারা পদক্ষেপ নিতে পারবে।"
পুঁজিবাজারে সা¤প্রতিক দরপতনের মুখে এবিবিরর সঙ্গে বৈঠকে বসে এসইসি।
অব্যাহত দরপতনের মুখে অক্টোবরের মাঝামাঝি সময়ে পুঁজিবাজারের ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এবিবির পক্ষ থেকে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দেওয়া হয়।
কিন্তু এরপরও দরপতন থামানো যায়নি। গত ১৩ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক প্রায় সাড়ে ১২ হাজার পয়েন্ট কমে দু' বছর আগের অবস্থায় চলে আসে।
এরই পরিপ্রেক্ষতে গত সোমবার এসইসি মুখপাত্র মো. সাইফুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, "বাজার স্থিতিশীল করতে ব্যাংক, ব্রোকার, ডিলারসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও সক্রিয় ভূমিকা রাখার ব্যাপারে কমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু ব্যাংক বিনিয়োগে সক্রিয় রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/এসইউ/১৩৩৩ ঘ.
bdnews24